ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।
খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়নের সাজিয়াড়া গ্রাম-সংলগ্ন শেয়ারঘাটা এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পের ৫৬টি পরিবার ৯ মাস ধরে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অধিকাংশ ঘরের মেঝে পানিতে তলিয়ে যাওয়ায় উঁচু মাচা বানিয়ে সেখানেই চলছে রান্না, খাওয়া ও ঘুমানোর কাজ। পার্শ্ববর্তী খাল ও স্লুইসগেট পলি জমে ভরাট হয়ে পানি নিষ্কাশন বন্ধ হওয়ায় এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ১৩টি পরিবার ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের দিকে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় সাজিয়াড়া গ্রাম-সংলগ্ন শেয়ারঘাটা এলাকায় খালের পাড়ে ভূমিহীন ও ছিন্নমূল মানুষের জন্য দুই শতাংশ সরকারি জমির ওপর একটি করে ঘর নির্মাণ করে দেওয়া হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয় এক লাখ ৭০ হাজার টাকা; সেই হিসাবে ৫৬টি ঘর নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯৫ লাখ ২০ হাজার টাকা। তবে কোনো দরপত্র ছাড়াই উপজেলা প্রশাসন ও পিআইও কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় রাজমিস্ত্রিদের দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল। বাসিন্দাদের জন্য যাতায়াতের রাস্তা ও বিদ্যুৎ সুবিধা থাকলেও নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো প্রকল্প এলাকা পানিতে তলিয়ে যায়। প্রতিবছরই এমন ভোগান্তি পোহাতে হলেও গত ৯ মাস ধরে জলাবদ্ধতা ব্যাপক আকার ধারণ করেছে।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল কাদের ও মাজিদা বেগম জানান, পুরো আশ্রয়ণ এলাকা ও যাতায়াতের রাস্তা এখন পানির নিচে। ৫৬টি পরিবারের ২১ শিশুর স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রতিটি পরিবারের শৌচাগার পানিতে ডুবে থাকায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। হাঁস-মুরগি ও গরু-ছাগল আত্মীয়স্বজনের বাড়িতে সরিয়ে রাখা হয়েছে। বিশুদ্ধ খাবার পানি ও তীব্র খাদ্য সংকটের মধ্যে দিন কাটলেও এখন পর্যন্ত কোনো সরকারি ত্রাণ বা খাদ্য সহায়তা মেলেনি।
রোকেয়া বেগম ও ফয়েজ আহমেদ জানান, পুরো এলাকা পানিতে তলিয়ে থাকায় বিষধর সাপের উপদ্রব ব্যাপকভাবে বেড়ে গেছে। প্রতিদিন রাতেই ঘরের আশপাশ থেকে তিন থেকে চারটি করে সাপ মারা হচ্ছে। এতে চরম আতঙ্কের মধ্যে রাত কাটাতে হচ্ছে তাদের। আক্ষেপ করে হালিমা বেগম বলেন, ‘দীর্ঘদিন জলাবদ্ধ ও দূষিত পানির সংস্পর্শে শিশুদের চর্মরোগ, ডায়রিয়া, টাইফয়েডসহ নানা পানিবাহিত রোগ লেগেই থাকে। থাকার জায়গা না থাকায় ঘর ছাড়তেও পারি না।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন এমন জলাবদ্ধ পরিবেশে থাকলে শিশুরা চর্মরোগ, ডায়রিয়া, সর্দি-কাশিসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। এসব শিশুকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া উচিত।
জলবদ্ধতার কারণ হিসেবে বাসিন্দারা বলছেন, মূলত সাজিয়াড়া-শৈলমারী খাল ও স্লুইসগেটটি দীর্ঘদিন খনন না করায় পলি জমে ভরাট হয়ে গেছে। এ বিষয়ে ডুমুরিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি বলেন, ‘সাজিয়াড়া-শৈলমারী খাল ও স্লুইসগেটটি পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। খালের পুরো অংশ এখন কচুরিপানায় ঢাকা পড়েছে, এমনকি নৌ চলাচলও বন্ধ। এর ফলে সামান্য বৃষ্টিতে আশপাশের প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ির পাশাপাশি অসংখ্য মাছের ঘের ও সবজির ক্ষেত তলিয়ে গেছে। দ্রুত খালটি খনন করা ছাড়া এই বিপর্যয় থেকে মুক্তির কোনো পথ নেই।’
পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস দিয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, ‘পানি নিষ্কাশন স্বাভাবিক করতে শৈলমারী স্লুইসগেটের পলি অপসারণের কাজ খুব দ্রুতই শুরু করা হবে। এটি সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বলেন, ‘অতিবর্ষণে এবার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ডুবে গেছে। পার্শ্ববর্তী খালে পলি পড়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। পলি অপসারণসহ পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খুব দ্রুত সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।’











































