স্পোর্টস ডেস্ক।।
হাজার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ১৪ ধাপ বাকি। ব্যবধানটা আরো কমতে পারত।
তবে দুর্ভাগ্য ক্রিস্টিয়ানো রোনালদোর। পেনাল্টি মিস করেছেন ‘সিআর সেভেন’। তার পেনাল্টি মিসের রাতে আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর। ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক শটে আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন রোনালদো।
কিন্তু চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেন পর্তুগিজ মহাতারকা। তার শট পোস্টে লেগে ফিরে আসে। সৌদি প্রো লিগের রাতটা তাই অম্ল-মধুর গেছে তার।
রোনালদোর এমন দুর্ভাগ্যের রাতে হেরেছে তার দলও। শুক্রবার আল আহলির মাঠে ম্যাচের ১৪ মিনিটে সামুর পাস থেকে দলকে লিড এনে দেন রোনালদো। এটি ছিল তার ক্যারিয়ারে ৯৮৬তম গোল। চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দশমবার জালের দেখা পান তিনি।
কিন্তু গোলের চার মিনিট পরই সুযোগ হাতছাড়া। নওয়াফ আল বুশাইল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। স্পটকিক নিতে গিয়ে পোস্টে মারেন রোনালদো। চলতি মৌসুমে আল নাসরের হয়ে নেওয়া দুটি পেনাল্টিই মিস করলেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে দূরপাল্লার দুর্দান্ত শটে আল আহলিকে সমতায় ফেরান গ্যালেনো। বিরতির পর ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ইভান টনি। আর ৪ মিনিট পর ব্যবধান বাড়ান রজার ইবানেজ।
এই হারে ৩২ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানেই থাকল আল নাসর। ২৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে আল আহলি।











































