Home আঞ্চলিক আড়াই কোটি টাকার পানি প্রকল্পে প্রক্সি ঠিকাদারের নিয়ন্ত্রণের অভিযোগ

আড়াই কোটি টাকার পানি প্রকল্পে প্রক্সি ঠিকাদারের নিয়ন্ত্রণের অভিযোগ

1


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।।

লবণাক্তপ্রবণ সাতক্ষীরার তালা উপজেলায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দরপত্রে কাজ পাওয়া মূল ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়ালে রেখে ‘প্রক্সি’ ঠিকাদারের মাধ্যমে প্রকল্পের কাজ পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া পানীয় জল সরবরাহের জন্য অনুপযোগী নন-ফুড গ্রেড পাইপ ব্যবহারের অভিযোগে জনস্বাস্থ্য নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বলছে, ২০২৫-২০২৬ অর্থবছরে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মেল্লেকবাড়ি গ্রামসহ প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজের প্রাক্কলিত ব্যয় ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৪৮৯ টাকা। ‘মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত বছরের ১১ মার্চ কাজের কার্যাদেশ পায়।

স্থানীয় বাসিন্দা গোলাম রব্বানীর অভিযোগ, কার্যাদেশ পাওয়া মূল প্রতিষ্ঠান সরাসরি কাজ না করে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির কাছে তা হস্তান্তর করেছে। একটি প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় আব্দুর রাজ্জাক প্রক্সি ঠিকাদার হিসেবে পুরো প্রকল্প নিয়ন্ত্রণ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার অভিযোগ করেন, কমিশন বাণিজ্য ও কাজের মান নিয়ে কেউ প্রশ্ন তুললে কিংবা প্রতিবাদ করলে নানা ধরনের চাপ ও হুমকির মুখে পড়তে হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে আব্দুর রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার ব্যবস্থাপক পরিচয়দানকারী জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে সাতক্ষীরা শহরের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। তবে কাজের মান ও ব্যবহৃত সামগ্রী নিয়ে প্রশ্ন করা হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আর ফোন ধরেননি।

প্রকল্প এলাকা ঘুরে ভূগর্ভস্থ পাইপ, সাবমার্সিবল পাম্প, থ্রেড পাইপ ও অন্যান্য সংযোগসামগ্রীর মান নিয়ে স্থানীয়দের অসন্তোষের কথা জানা গেছে। তাদের অভিযোগ, পানীয় জল সরবরাহের নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করে নিম্নমানের নন-ফুড গ্রেড প্লাস্টিক পাইপ বসানো হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পানীয় জল সরবরাহের ব্যবস্থায় খাদ্যোপযোগী বা ফুড গ্রেড এবং নির্ধারিত মানের পাইপ ব্যবহার করা জরুরি। নিম্নমানের প্লাস্টিক পাইপ থেকে ক্ষতিকর রাসায়নিক পানিতে মিশে যেতে পারে। এতে পানির গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে।

প্রকল্পের অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তালা উপজেলা প্রকৌশলী আবুল হাসানাত কাজল বলেন, ‘আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। আমার যোগদানের আগেই প্রকল্পের প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি ৩০ শতাংশের মতো কাজ আমি পেয়েছি। তাই আগের কাজের বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। তবে প্রকল্পে কোনো নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়ে থাকলে বিষয়টি যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, ‘অনিরাপদ বা দূষিত পানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পানি সরবরাহ ব্যবস্থায় ক্ষতিকর উপাদান থাকলে তা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়ায়। তাই সরবরাহ করা পানির গুণগত মান পরীক্ষাগারে পরীক্ষা করা অত্যন্ত জরুরি।’