যশোর প্রতিনিধি।।
চিকিৎসক উষার আহ্বানে সাড়া দিয়ে যশোরের ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে নেমেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রায় ৬০০ সদস্য। গতকাল শনিবার সকাল থেকে নদের দড়াটানা অংশে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তারা। অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের প্রাথমিক চিকিৎসাসেবা দিতে কাজ করছেন যুব রেড ক্রিসেন্ট যশোরের সদস্যরা।
আয়োজকেরা জানিয়েছেন, ভৈরব নদের প্রাণ ফিরিয়ে আনা এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল থেকে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কচুরিপানা অপসারণ শুরু করেন। কয়েক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় নদের একটি বড় অংশ কচুরিপানামুক্ত করা সম্ভব হয়। তাদের এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের প্রশংসা কুড়িয়েছে।
নদ রক্ষায় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্বাগত জানিয়ে চিকিৎসক উষা বলেছেন, ‘প্রথম দিন থেকেই আমরা বিডি ক্লিনের মতো একটি বড় ও সুশৃঙ্খল দলের অংশগ্রহণ প্রত্যাশা করছিলাম। যশোরের ৩৬ লাখ মানুষের মধ্যে কর্মক্ষম ব্যক্তিরা যদি অন্তত এক মিনিট সময় নিয়ে নদের পাড়ে এসে একটি করে কচুরিপানাও তোলেন, তাহলে কাজটি অনেক সহজ হয়ে যাবে।’
তিনি আরও বললেন, দেশে ভৈরবের মতো প্রায় ৯৭টি নদ-নদী আজ মৃতপ্রায়। নিজেদের ভবিষ্যতের স্বার্থেই ভৈরব নদকে বাঁচিয়ে রাখতে হবে।
বিডি ক্লিনের খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়ক সুদীপ বিশ্বাসের ভাষ্য, ভৈরব নদের প্রাণ ফিরিয়ে আনতেই বিভাগের বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবীরা যশোরে এসেছেন। নদের পানি ও পাড়ে যাতে কেউ ময়লা-আবর্জনা না ফেলেন, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বিডি ক্লিনের যশোর জেলা সমন্বয়ক চামেলী আক্তার দুই পাড়ের ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর প্রতি নদে বর্জ্য না ফেলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘নদ ডাস্টবিন নয়। এখানে হাসপাতালের বর্জ্য বা অন্য কোনো ময়লা ফেলা ঠিক নয়। দুই পাড়ের প্রতিষ্ঠান ও বাসিন্দারা নিজ নিজ জায়গা থেকে এক ফুট করে পরিষ্কার রাখলেও নদটি পরিচ্ছন্ন হয়ে যাবে। আমরা শুধু একটি জাগরণ তৈরি করে দিয়ে যাচ্ছি। এরপর নদটি পরিষ্কার রাখার দায়িত্ব যশোরবাসীর।’
এদিকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের চিকিৎসাসেবা দিতে মাঠে রয়েছে যুব রেড ক্রিসেন্ট যশোর। সংগঠনটির যুব প্রধান হুমায়ুন কবির জানিয়েছেন, কাজ করতে গিয়ে আহত বা অসুস্থ হয়ে পড়লে স্বেচ্ছাসেবীদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এরইমধ্যে অসুস্থ হয়ে পড়া দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।











































