Home Lead বাইরে নাশকতা, ভেতরে অবিশ্বাস: বড় পরীক্ষায় পুলিশ

বাইরে নাশকতা, ভেতরে অবিশ্বাস: বড় পরীক্ষায় পুলিশ

8


ঢাকা অফিস।।

রাজপথে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন, শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ এবং দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক হামলা-পাল্টা হামলা; একটির পর একটি সহিংস ঘটনা সামাল দিতে চাপে রয়েছে পুলিশ। এর মধ্যে বাহিনীর ভেতরেও তৈরি হয়েছে সন্দেহ ও অবিশ্বাস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তার যোগাযোগের অভিযোগ, গ্রেফতার ও গোপন নজরদারি ঘিরে বাহিনীর মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাদের একাংশের অসন্তোষ এবং পুলিশের ভূমিকা নিয়ে আস্থার সংকটও পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও আনসার মোতায়েন করা হলেও পরিস্থিতি পুরোপুরি সামাল দেওয়া যাচ্ছে না। ফলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীর অভ্যন্তরীণ আস্থা ও পেশাদারত্ব ধরে রাখাও পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের যে সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এর মধ্যেই রাজনৈতিক কর্মসূচি ঘিরে নাশকতা, পোশাকশ্রমিকদের আন্দোলন এবং বিভিন্ন জেলায় সংঘাত-সহিংসতা বাহিনীকে বাড়তি চাপে ফেলেছে। পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে পুলিশের সক্রিয়তা ও সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। একই সঙ্গে সদস্যদের একাংশের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও আনুগত্য নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় অভ্যন্তরীণ সমন্বয় এবং পারস্পরিক আস্থার বিষয়টিও সামনে এসেছে।

পুলিশের সাবেক আইজিপি বাহারুল আলম বলেন, ‘পুলিশ তো সবসময়ই কোনও না কোনও প্রেশার নিয়েই কাজ করে। বর্তমান পরিস্থিতিও মোকাবিলা করবে। পুলিশের সঙ্গে বিজিবি আছে, আনসার আছে। আশা করছি তারা পেশাদারত্বের মধ্যেই তারা তাদের দায়িত্বপালন করে যাবে। তবে চব্বিশের আগের তুলনায় বর্তমানে দায়িত্ব পালন একটু চ্যালেঞ্জিং হচ্ছে, এটা বলাই যায়।’

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কুদরাত ই খুদা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ নিয়ে অনেক কথা হয়েছে। সেই ট্রমা কাটিয়ে উঠতে না উঠতেই বাহিনী আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে পুলিশ কীভাবে পরিস্থিতি মোকাবিলা করে, তা সময়সাপেক্ষ বিষয়। বিজিবি ও আনসার সহায়তা করছে। তাঁর মতে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা রাখে। তবে পুলিশকে নিয়ে সন্দেহ ও আস্থাহীনতার কথাও শোনা যাচ্ছে। স্বাধীনভাবে কাজ করতে দিলে পুলিশ যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে পারবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘প্রশাসনের ভেতরে কেউ যদি রাজনৈতিক আনুগত্য, ব্যক্তিস্বার্থ কিংবা অপরাধীচক্রের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে অভিযোগের প্রমাণ ছাড়া সবাইকে সন্দেহের চোখে দেখা হলে সৎ ও দক্ষ কর্মকর্তারাও নিরুৎসাহিত হবেন। তবে, শুদ্ধি অভিযান বন্ধ করা নয়, বরং এটিকে স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই জরুরি।’

পুলিশের ভেতরেও সন্দেহ-অবিশ্বাস

পুলিশের কয়েকজন সদস্যকে ঘিরে বাহিনীর ভেতরেই সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগসহ নানা অভিযোগে তাদের নিয়ে এই সংশয় তৈরি হয়েছে। একাধিক গোয়েন্দা তথ্যে এসব সদস্যের বিরুদ্ধে নেতিবাচক তথ্য এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা রয়েছে, তাদের কেউ কেউ সরকারের অনুগত সেজে স্পর্শকাতর তথ্য পাচার করছেন। বিশেষ করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার তৎপরতায় তারা ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পলাতক নেতারা এসব কর্মকর্তার কাছ থেকে তথ্য নিচ্ছেন এবং তাদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছেন বলেও আলোচনা রয়েছে।

সাম্প্রতিক সময়ে কয়েকজন কর্মকর্তার আওয়ামী লীগ-সংশ্লিষ্টতা, সরকারবিরোধী উসকানিসহ নানা কর্মকাণ্ডের অভিযোগ সামনে আসার পর এ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এতে বিব্রত সরকার। সর্বশেষ এ ধরনের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম গ্রেফতার হয়েছেন।

পুলিশ ও গোয়েন্দাদের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে সংশয় তৈরি হয়েছে। তাদের অনেকের সন্দেহজনক কর্মকাণ্ড প্রকাশ্যে এসেছে। তথ্যপ্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেফতার করা হয়েছে।

সূত্রগুলোর দাবি, এসব কর্মকর্তার কেউ কেউ আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী ছিলেন। বর্তমান বিএনপি সরকারের অনুগত সেজে তাদের কেউ কেউ ভালো পদায়নও পেয়েছেন। কিন্তু তারা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছেন বলে অভিযোগ রয়েছে। এসব নিয়ে পুলিশের ভেতরেও অস্থিরতা বিরাজ করছে। একে অন্যকে বিশ্বাস করতে পারছেন না, সবাই সবাইকে সন্দেহের চোখে দেখছেন।

নীতিনির্ধারণী পর্যায়ে এসব বিষয় স্পষ্ট হওয়ার পর সন্দেহভাজন অনেক পুলিশ কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কনস্টেবল থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাদের নজরদারি করা হচ্ছে। তাঁদের অনেকেই পদোন্নতি পেয়ে এখন বড় কর্মকর্তা হয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন এবং বর্তমান সরকারের আমলেও কৌশলে সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের অনেকেই ভালো পদায়ন পেলেও আওয়ামী লীগের হয়ে কাজ করছেন বলে দাবি সংশ্লিষ্ট সূত্রগুলোর।

গোয়েন্দা সূত্রগুলোর দাবি, পলাতক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরপরই বেশ কিছু কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁরা সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানি, জ্বালাও-পোড়াও এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। পলাতক নেতাদের কাছ থেকে অর্থ নিয়ে কয়েকজন কর্মকর্তা নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম সম্প্রতি বলেন, ‘এখনই নয় শুধু, সবসময়েই পুলিশের গোয়েন্দা ইউনিটগুলো অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারিও করে— যাতে বাহিনীর কোনও সদস্য নৈতিক স্খলন কিংবা শৃঙ্খলাবিরোধী কোনও কাজে জড়িত হতে না পারে। এমন কিছু নজরে আসলেই সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।’

সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এতে চিন্তিত হওয়ার কিছু নেই।’

নাশকতা ও শ্রমিক আন্দোলন সামাল দেওয়ার চাপ

একদিকে পোশাকশ্রমিকদের আন্দোলন, অন্যদিকে আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকানো—দুই দিকেই চাপে রয়েছে পুলিশ। ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের অবরোধ এবং আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি সরকারি স্থাপনাতেও ককটেল হামলার ঘটনা ঘটেছে।

রাজধানীর পল্লবী থানা কম্পাউন্ডের ভেতরে ককটেল হামলা হয়েছে। এ ছাড়া খিলক্ষেত, যাত্রাবাড়ী, খিলগাঁও ও আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মালিবাগে সিআইডি সদর দফতর এবং রাজারবাগ পুলিশ লাইনের সামনেও ককটেল হামলা হয়েছে। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়, আগারগাঁওয়ে মেট্রোরেলের নিচে, মিরপুর-১১, সুপ্রিম কোর্টের সামনে এবং নিম্ন আদালতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে এবং বিমানবন্দরের প্রবেশমুখেও একাধিকবার ককটেল বিস্ফোরণ হয়েছে।

রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও বাসে আগুন, কোথাও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর হয়েছে। থানা, হাসপাতাল, ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে। দেশের অন্তত ২১ জেলায় হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন চারজন। তাঁদের মধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতা এবং একজন বাসের হেলপার রয়েছেন।

নিহতদের কেউ রাজনৈতিক কর্মসূচির মিছিলে হামলার শিকার হয়েছেন, কেউ সড়ক অবরোধ ঘিরে সংঘর্ষে গুরুতর দগ্ধ হয়ে মারা গেছেন। পিরোজপুরে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক তরুণ সহকারী আগুনে পুড়ে মারা যান। সহিংসতার মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোপালগঞ্জে। সেখানে সরকারদলীয় তিন সংসদ সদস্যের বাড়ি, দুটি থানা, হাসপাতাল, ব্যাংক ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় মোট ৩৮টি মামলা হয়েছে। মামলাগুলোতে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। রাজধানীর পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহেও এ আন্দোলন চলছে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে উঠছে। সংঘর্ষে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি ও পোশাক কারখানা।

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা এবং শ্রমিক আন্দোলন; এই দুই ইস্যুতে সহিংসতা নিয়ন্ত্রণ এখন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে বাহিনীর ভেতরে সন্দেহ-অবিশ্বাস এবং সরকারি দলের একাংশের মধ্যেও পুলিশের ভূমিকা নিয়ে অনাস্থার বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সঙ্গে কাজ করছে বিজিবি ও আনসার। শনিবারও সাত জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক আনসার সদস্যও মোতায়েন রয়েছেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কামরুল মুনিরা বলেন, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক ও স্থিতিশীল রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। পেশাদারত্বের সবটুকু দিয়ে পুলিশ প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেছে এবং এখনও করছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে।

তিনি আরও বলেন, কোনও ব্যক্তি বা সংগঠন আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর। নাশকতাকারীদের যেকোনও অপচেষ্টা প্রতিরোধে পুলিশ কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা সৃষ্টিকারীদের কোনও ধরনের ছাড় দেওয়া হবে না।-সুত্র: বাংলা ট্রিবিউন