Home আন্তর্জাতিক এআই ব্যবহার করে নকলের অভিযোগ, পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

এআই ব্যবহার করে নকলের অভিযোগ, পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

1

আন্তর্জাতিক ডেস্ক।।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে পরীক্ষায় নকলের ঘটনা দক্ষিণ কোরিয়ার শিক্ষাঙ্গণকে নাড়িয়ে দিয়েছে। এর জেরে রোববার পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী চোই কিও-জিন।

গত সপ্তাহে দেশটিতে ‘সুনেউং’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৯ ঘণ্টার পরীক্ষাটি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। পরীক্ষাটিকে ভালো বেতনের চাকরি এমনকি ভালো বিয়ের চাবিকাঠি হিসেবে দেখা হয়।

চলতি বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। এর কয়েকদিন আগে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় এআই দিয়ে নকল কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়ে। ১৫ নভেম্বর এক পরীক্ষার্থী জানান, সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য তিনি ছোট ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করেছিলেন।

সদ্য পদত্যাগ করা দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। ছবি: সংগৃহীত

ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর মন্ত্রণালয় সুনেউং পরীক্ষায় নকল ঠেকাতে কয়েক দফায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। পার্লামেন্টের শুনানিতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়, তিনি নকল প্রতিরোধে আত্মবিশ্বাসী কি না। জবাবে ৭২ বছর বয়সী চোই কিও-জিন বলেন, ‘আমার বয়সের কারণে আমি আত্মবিশ্বাসী নই।’

শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যে জনরোষ আরও বাড়ে। এর মধ্যেই গত বৃহস্পতিবার সুনেউং পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার এক্সে দেওয়া পোস্টে চোই লিখেছেন, কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে যথাযথ প্রস্তুতির ব্যর্থতার দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট লি জে মিয়ং শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।