বিনোদন ডেস্ক।।
প্রথমবারের মতো মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার আনন্দের পাশাপাশি এখন নবজাতককে ঘিরেই কাটছে তার সময়।
মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না। জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা—এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে।’
গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। সে সময় স্বামী আবদুল ওয়াদুদকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। দীর্ঘদিনের বন্ধুত্বের কথা জানিয়ে মৌসুমী বলেছিলেন, তারা ১৪ বছরের পুরোনো বন্ধু। চিন্তাভাবনায় মিল থাকায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও কাজ করেছেন তিনি। তবে আপাতত অভিনয়ের চেয়ে ছেলেকে সময় দেওয়াই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই নিয়মিত অভিনয় করার প্রস্তাব দেন। কিন্তু এখন আমি সন্তানকে নিয়ে থাকতে চাই। আপাতত অভিনয় করতে পারব না। আরও কয়েক মাস বিরতি নিয়ে অভিনয় শুরু করব।’











































