Home আঞ্চলিক খুলনায় বিএনপি নেতাকে গুলি: সিসিটিভি ফুটেজ দেখে যুবক আটক

খুলনায় বিএনপি নেতাকে গুলি: সিসিটিভি ফুটেজ দেখে যুবক আটক

2

স্টাফ রিপোর্টার।।

খুলনার তেরখাদায় বিএনপি নেতা মাফিজুর রহমানকে গুলি করার ঘটনায় এখনও মামলা হয়নি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল করিম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক আব্দুল করিম পাশের দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের মৃত মহি মোড়লের ছেলে।

এর আগে, গতকাল শনিবার রাত ১০টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। তিনি মোকামপুর গ্রামের আবুল সরদারের ছেলে।

স্থানীয় সূত্র, ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, গতকাল রাতে মোকামপুর বাজার থেকে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন মাফিজুর রহমান। পথে মিকাইলের করাতকলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

গুলিতে মাফিজুর রহমানের বাম হাত, ডান পা ও বুকের বাম পাশের নিচের অংশে আঘাত লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।


তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আজ রোববার ভোরে পাশের দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে আব্দুল করিমকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আজ সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।