ঢাকা অফিস।।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ রবিবার (২২ নভেম্বর) এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৫ ডিসেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এ মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
মামলার ১৯ আসামির মধ্যে বর্তমানে ১৩ জন পলাতক রয়েছেন এবং ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, সাবেক সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলী, সাবেক নায়েক মো. সুহেল মিয়া, সাবেক কনস্টেবল মো. মাহফুজ মিয়া ও ঢাকা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মিজানুর রহমান।
রবিবার (২২ নভেম্বর) সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
বাকি পলাতক ১৩ আসামি হলেন-ঢাকা-১৬ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সাভার থানার সাবেক ওসি মো. শাহজামান, সাবেক পরিদর্শক এ এফ এম সায়েদ, সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আতিকুর রহমান, তেতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য মেহেদী হাসান তুষার, সাবেক উপজেলা চেয়ারম্যানের পিএস মো. রাজু আহম্মেদ, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জামান খান ও শরফ আশরাফুল আলম। গত ২৬ জুলাই ১৯ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত।
জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালায় পুলিশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। ইয়ামিনকে ধরে টেনে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে দুপুরে বুকের বাঁ পাশে গুলি করেন তারা। একপর্যায়ে ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে ফেলে রেখে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভীতি প্রদর্শনের জন্য গাড়িটি প্রদক্ষিণ করতে থাকেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। প্রায় মৃত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আসহাবুল ইয়ামিন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মির্জা আজমকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক এমপি মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া সাবেকমন্ত্রী আমির হোসেন আমুসহ ছয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ রোববার এ আদেশ দেন।
মামলায় আসামি সাতজন। তাদের মধ্যে গ্রেপ্তার ছয়জন হলেন- সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মুহম্মদ ফারুক খান, শাজাহান খান, ডা. দীপু মনি ও ড. আবদুর রাজ্জাক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
তাদের এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। আগামী ৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।











































