Home স্বাস্থ্য টিস্যু দিয়ে পরিষ্কার করা ঠিক নয় যেসব জিনিস

টিস্যু দিয়ে পরিষ্কার করা ঠিক নয় যেসব জিনিস

0


মিলি রহমান।।

তেল-মসলা মোছা থেকে শুরু করে তাৎক্ষণিক যেকোনও ময়লা পরিষ্কারের জন্য অনেকেই বাড়িতে পেপার টাওয়েল বা কিচেন টিস্যু ব্যবহার করেন। তবে পরিচ্ছন্নতা বিশেষজ্ঞদের মতে, সব ধরনের পৃষ্ঠ বা আসবাব পরিষ্কারের জন্য টিস্যু উপযুক্ত নয়। অনেক সময় সংবেদনশীল কিছু জিনিসে টিস্যু বা পেপার টাওয়েল ব্যবহার করলে সূক্ষ্ম আঁচড় পড়ে যায়। এর পাশাপাশি জিনিসপত্রের উজ্জ্বলতা নষ্ট হয়। আবার অনেক সময় জিনসিপত্রে কাগজের গুঁড়া লেগে থাকে।

জীবনধারা ও গৃহস্থালি-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে, কোন ধরনের জিজনসিপত্র টিস্যু দিয়ে পরিষ্কার করা ঠিক নয় তা জানানো হয়েছে। যেমন-

কাঁচ ও আয়না

আয়না বা জানালার কাচ ঝকঝকে রাখতে চাইলে টিস্যু পেপার এড়িয়ে চলুন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ পেপার টাওয়েল বা টিস্যু কাঠের মণ্ড বা তন্তু দিয়ে তৈরি, যা মোছার সময় ভেঙে গিয়ে কাচের গায়ে সূক্ষ্ম কণা ও দাগ ফেলে রাখে। এজন্য কাচ ও আয়না পরিষ্কারের জন্য বিশেষভাবে তৈরি উন্নত মানের মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে পারেন। তাহলে কোনও আঁশ না ফেলেই ধুলাবালি ও দাগ দূর হবে।

ইলেকট্রনিক স্ক্রিন

কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনের স্ক্রিন বা পর্দায় আঙুলের ছাপ পড়লে অনেকেই টিস্যু দিয়ে মুছে ফেলেন। তবে এই সংবেদনশীল স্ক্রিনগুলোতে বিশেষ সুরক্ষামূলক আবরণ থাকে, যা টিস্যুর খসখসে তন্তুর ঘর্ষণে সহজেই আঁচড় পড়ে নষ্ট হয়ে যায়। এ ধরনের স্ক্রিন পরিষ্কারের জন্য নরম মাইক্রোফাইবার কাপড় অথবা স্ক্রিন-বান্ধব ‘ওয়াইপস’ব্যবহার করা ভালো।

কাঠের আসবাবপত্র

বইয়ের তাক, ড্রেসিং টেবিল, খাট কিংবা ডাইনিং টেবিলসহ বার্নিশ করা কাঠের আসবাব টিস্যু দিয়ে পরিষ্কার করা ঠিক নয়। ওই প্রতিবেদন অনুযায়ী, টিস্যুর খসখসে তন্তু কাঠের বার্নিশ বা ‘পলিইউরেথেন’ আবরণে অতি সূক্ষ্ম আঁচড় তৈরি করে এবং ধীরে ধীরে আসবাবের স্বাভাবিক উজ্জ্বলতা ম্লান করে দেয়। এছাড়া কাঠের অমসৃণ অংশে কাগজের টুকরও আটকে যায়। কাঠের আসবাবের ধুলা ঝাড়তে শুকনো সুতি বা মাইক্রোফাইবার কাপড় এবং দাগ তুলতে সামান্য ভেজা নরম কাপড় দিয়ে হালাকা ঘষে নিন। সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতি

রেফ্রিজারেইটর বা ডিশওয়াশারের মতো স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতির গায়ে সূক্ষ্ম দানা বা প্রলেপ থাকে। টিস্যু দিয়ে মুছলে এই প্রলেপে আঁচড় পড়ে এবং কাগজের গুঁড়া লেগে থাকে।

কাস্ট আয়রন বা ঢালাই লোহার পাত্র

ঢালাই লোহার প্যান বা কড়াইয়ের পৃষ্ঠ বেশ অমসৃণ ও খসখসে হওয়ায় টিস্যু দিয়ে মোছা ঠিক নয়। তাহলে কাগজের ক্ষুদ্র কণা আটকে যেতে পারে। পরে তা খাবারের সঙ্গে মিশে যাওয়ার ঝুঁকি থাকে। তাছাড়া টিস্যু দিয়ে প্যানের গায়ে লেগে থাকা পোড়া খাবার ঠিক মতো তোলাও যায় না।