স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীতে জলবায়ু-সহনশীল শীতলীকরণ স্থান ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ‘ছায়াবীথি—ক্লাইমেট রেসপনসিভ যাত্রী ছাউনি’ স্থাপনের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ক্লিন সিটিজ’ (৩সি) প্রকল্পের আওতায় এবং সুইস রেড ক্রসের আর্থিক সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হংকং রেড ক্রসের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর জো লাম এবং ইন্টারন্যাশনাল রিলিফ অ্যান্ড সার্ভিস অফিসার উইন্ডি চং। এ ছাড়া কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং ৩সি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোসলেহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় খুলনা শহরের ক্রমবর্ধমান তাপমাত্রা, তীব্র তাপপ্রবাহ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় নগরবাসীর জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক গণপরিসরের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে পথচারী, গণপরিবহনের যাত্রী, প্রবীণ, নারী, শিশু এবং তাপপ্রবাহের ঝুঁকিতে থাকা মানুষের জন্য পরিবেশবান্ধব ও আরামদায়ক যাত্রী ছাউনি তৈরির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব স্থাপনাকে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলার বিষয়টিও এতে গুরুত্ব পায়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা খুলনার বাস্তবতা ও স্থানীয় মানুষের চাহিদা বিবেচনায় উপযুক্ত স্থান নির্বাচন, পরিবেশবান্ধব অবকাঠামোগত নকশা এবং অংশীজনদের সমন্বিত প্রচেষ্টার ওপর বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
কর্মশালায় কেসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে ‘ছায়াবীথি’ প্রকল্পটি খুলনা শহরে জলবায়ু-সহনশীল নগরায়ণ ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে একটি কার্যকর ও টেকসই মডেল হিসেবে ভূমিকা রাখবে।











































