ঢাকা অফিস।।
সমুদ্রের নীল জল আর পাহাড়ঘেরা পর্যটননগরী আনতালিয়া। তুরস্কের ইস্তাম্বুল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরের এই উপকূলীয় শহরে দুই সপ্তাহ ধরে বসেছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু আলোচনার আসর কপ-৩১।
উদ্দেশ্য ছিল, জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় দেশগুলোকে নতুন করে ঐকমত্যে পৌঁছানো। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন ও অভিযোজনের অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধের জেরে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে সম্মেলন। আশার বদলে হতাশা নিয়েই ফিরছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা। কোনো চুক্তি ছাড়াই সম্মেলনের সমাপ্তিকে পরিবেশবিদরা নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছেন।
গত শুক্রবার ২০ নভেম্বর সম্মেলন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মতবিরোধের কারণে আলোচনা গড়ায় শনিবার ও আজ রবিবার (২২ নভেম্বর) পর্যন্ত। রাতভর দর-কষাকষি, একের পর এক খসড়া সংশোধন এবং মন্ত্রী পর্যায়ের বৈঠকেও বিরোধ মেটেনি।
নির্ধারিত সময়ের পর ৪৪ ঘণ্টার বেশি আলোচনা চলে। শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), পানামাসহ কয়েকটি দেশ সভাপতিমণ্ডলীর প্রস্তাবিত খসড়ায় আপত্তি জানায়। ফলে সম্মেলনের সভাপতি তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম ঘোষণা করেন, প্রস্তাবিত সিদ্ধান্ত গ্রহণের মতো ঐকমত্য তৈরি হয়নি। ‘আন্তালিয়া প্যাক্ট’ নামে পরিচিত খসড়াটি গৃহীত হয়নি। ফলে চুক্তি ছাড়াই সম্মেলন শেষ করতে হচ্ছে।
সম্মেলনের শেষ মুহূর্তে সবচেয়ে বড় বিরোধের জায়গা হয়ে ওঠে জীবাশ্ম জ্বালানি। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার বিষয়ে স্পষ্ট অঙ্গীকার চেয়েছিল ইউরোপীয় ইউনিয়ন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র এবং জলবায়ু ঝুঁকিতে থাকা বেশ কয়েকটি দেশ। অন্যদিকে তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির কারণে এ বিষয়ে শক্ত ভাষা যুক্ত করা সম্ভব হয়নি। ২২ নভেম্বর ভোরে প্রকাশিত সর্বশেষ ১০ পৃষ্ঠার খসড়ায় ‘ফসিল ফুয়েল’, ‘কয়লা’, ‘তেল’ কিংবা এসব জ্বালানির ব্যবহার বন্ধ করার মতো শব্দই ছিল না।
২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার যে অঙ্গীকার করা হয়েছিল, সেটির কথা স্মরণ করা হয়েছে মাত্র। কিন্তু কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার পর্যায়ক্রমে কমানো বা বন্ধ করার কোনো সময়সীমা কিংবা নতুন কর্মপরিকল্পনা রাখা হয়নি।
জীবাশ্ম জ্বালানির পাশাপাশি জলবায়ু অর্থায়ন ছিল সম্মেলনের অন্যতম বড় বিরোধের জায়গা। উন্নত দেশগুলোর শিল্পায়ন ও দীর্ঘদিনের কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতি বাড়লেও সবচেয়ে বেশি ভুগছে বাংলাদেশসহ উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো। এসব দেশের দাবি ছিল, অভিযোজন, দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি সামাল দিতে উন্নত দেশগুলোকে পর্যাপ্ত অর্থ দিতে হবে।
উন্নয়নশীল দেশগুলো ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন বছরে অন্তত ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানায়। আগের আলোচনায় অভিযোজন অর্থায়ন তিনগুণ করার প্রস্তাবও ছিল। কিন্তু সর্বশেষ খসড়ায় নির্দিষ্ট ১২০ বিলিয়ন ডলারের অঙ্কটি রাখা হয়নি। অর্থের উৎস, কোন ভিত্তিবছরের তুলনায় অর্থায়ন বাড়বে এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো কীভাবে সেই অর্থ পাবে, সে বিষয়েও স্পষ্ট নিশ্চয়তা ছিল না। ক্ষয়ক্ষতি মোকাবিলার অর্থায়নেও নতুন কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি যুক্ত হয়নি।
এ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হলো, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জন ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সর্বশেষ খসড়ায় এই তাপমাত্রার সীমা সাময়িকভাবে অতিক্রমের ঝুঁকির কথা স্বীকার করা হয়েছে। তবে সেই সীমার নিচে ফিরে আসার বিশ্বাসযোগ্য পথনকশা নিয়ে দেশগুলো একমত হতে পারেনি। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর আশঙ্কা, এ লক্ষ্য দুর্বল হলে তাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।
সম্মেলনের শেষ পর্যায়ে সভাপতিমণ্ডলী তিন দফায় খসড়া সিদ্ধান্ত প্রকাশ করে। প্রথম খসড়ায় ১৪৪টি অনুচ্ছেদ ছিল। পরে দ্বিতীয় খসড়ায় তা কমিয়ে ৮০টি করা হয়। আজ রবিবার (২২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় রাত প্রায় দুইটায় প্রকাশিত তৃতীয় খসড়ায় অনুচ্ছেদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৪। দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতার চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত প্রস্তাবটি গ্রহণযোগ্যতা পায়নি। সমাপনী অধিবেশনেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল অধিবেশনের কার্যক্রম নিয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করলে সভাপতি মুরাত কুরুম তাঁকে বসতে বলেন। এ ঘটনা নিয়ে অধিবেশনে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত কুরুম জানান, নতুন কোনো খসড়া আর প্রকাশ করা হবে না। ঐকমত্য না হওয়ায় প্রস্তাবিত সিদ্ধান্তগুলো গৃহীত হয়নি। আগের সম্মেলনগুলোর সিদ্ধান্ত ও বিদ্যমান অঙ্গীকার বহাল থাকবে।
কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়া কপ৩১ বাংলাদেশের জন্যও উদ্বেগের। তবে সম্মেলনের শেষ মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধিদলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সম্মেলনে অংশ নেওয়া দেশের পরিবেশকর্মীরা। তাঁদের অভিযোগ, সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ কার্যত নেতৃত্বহীন ছিল। অথচ তখনই জলবায়ু অর্থায়ন, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিশ্বনেতাদের মধ্যে টানাপোড়েন চলছিল। বিভিন্ন দেশের মন্ত্রীরা নিজেদের দাবির পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদে অংশ নিলেও বাংলাদেশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো জোরালো প্রতিক্রিয়া ছিল না।
পরিবেশকর্মীদের মতে, সম্মেলনের শেষ দুই দিন বাংলাদেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং সংশ্লিষ্ট সচিবদের উপস্থিতি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। কিন্তু তাঁরা তখন দেশে ফিরে গেছেন। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিটি দেশেরই ভূমিকা রাখার সুযোগ থাকে। কোনো দেশের আপত্তি বা সমর্থন সমঝোতার গতিপথ বদলে দিতে পারে। অথচ গুরুত্বপূর্ণ সেই সময়ে বাংলাদেশের পক্ষে মন্ত্রী পর্যায়ের আলোচনায় কোনো মন্ত্রী উপস্থিত ছিলেন না।
বাংলাদেশ থেকে সম্মেলনে অংশ নেওয়া পরিবেশকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় ছিলেন, তখন বাংলাদেশের মন্ত্রী-সংসদ সদস্য ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু সম্মেলনের শেষ দিকে, যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দর-কষাকষি তীব্র হয়ে ওঠে, তখন প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশে ফিরে যান। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজও অসুস্থ হয়ে পড়ায় শেষ দিকের বৈঠকগুলোতে অংশ নিতে পারেননি। ফলে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরার মতো নেতৃত্বের ঘাটতি তৈরি হয়।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, মার্শাল দ্বীপপুঞ্জ, নরওয়ে, পানামা ও ভানুয়াতুর প্রতিনিধিরা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় ছিলেন। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে রোডম্যাপ এবং জলবায়ু অর্থায়নের দাবিতে তাঁদের সরব ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে।
তবে সম্মেলনের শেষ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন আজ রোববার ভোরে দেশে পৌঁছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। সেখানে তিনি কপ৩১-এ বাংলাদেশের অর্জন তুলে ধরেন।
ড. সাইমুম পারভেজ জানান, সম্মেলন চলাকালে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে বাংলাদেশ প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করেছে। এর মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার বা প্রায় ৩৭৪ কোটি টাকা এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো বা প্রায় ৪১০ কোটি টাকা পাওয়া যাচ্ছে।
ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, কপ৩১-এর অচলাবস্থা দেখিয়ে দিয়েছে, জলবায়ু সংকটের ভয়াবহতা সবাই স্বীকার করলেও দায় ও দায়িত্ব ভাগাভাগির প্রশ্নে দেশগুলোর মধ্যে গভীর ব্যবধান রয়ে গেছে। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার স্পষ্ট পথনকশা এবং অভিযোজনের জন্য পর্যাপ্ত অর্থায়ন ছাড়া জলবায়ু প্রতিশ্রুতির বাস্তব মূল্য থাকে না।
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, কপ৩১ শেষ পর্যন্ত নতুন কোনো সামগ্রিক রাজনৈতিক সমঝোতা দিতে পারেনি। ফলে জলবায়ু সংকট মোকাবিলায় দেশগুলোর আগের অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বসবে কপ৩২। আন্তালিয়ার অপূর্ণ আলোচনা ও মতবিরোধের ভার নিয়েই সেখানে আবার বসতে হবে বিশ্বনেতাদের।











































