কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহকে মারধরের পর পুলিশের হাতে সোপর্দ করার অভিযোগ উঠেছে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রবিবার দুপুরে কেশবপুর পৌরসভা সংলগ্ন এলাকায় অবস্থানকালে এনসিপির কয়েকজন নেতাকর্মী স্বাধীনের মোবাইল ফোন তল্লাশি করেন। এ সময় মোবাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য থাকার অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, স্বাধীন নিজ এলাকায় না থেকে যশোরে বসবাস করতেন। তিনি মূলত নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী। সাংবাদিকতা পেশায় থাকলেও তার বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও বলেন, পুলিশ তাকে সরাসরি আটক করেনি; এনসিপির নেতাকর্মীরা তাকে আটক করে থানায় সোপর্দ করেছেন। পরে জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পাওয়া যায়। সোমবার তাকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।











































