স্পোর্টস ডেস্ক।।
ক্রিকেট মাঠের ২২ গজ পেরিয়ে এবার রাজনীতির ময়দানে নামলেন ভারতের তারকা লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। আনুষ্ঠানিকভাবে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তিনি।
বিজেপির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার দলের ওবিসি মোর্চার জাতীয় কমিটির নতুন তালিকা প্রকাশ করা হয়। সেখানে যুজবেন্দ্র চাহালকে ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির ‘বিশেষ আমন্ত্রিত সদস্য’ হিসেবে মনোনীত করা হয়েছে।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নির্দেশে এই নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে চাহাল বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। অমরপাল মৌর্য জানিয়েছেন, এই নিয়োগের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
ওবিসি মোর্চার এই সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ায় চাহাল ছাড়াও ৭ জন জাতীয় সহ-সভাপতি, ৩ জন জাতীয় সাধারণ সম্পাদক, ৭ জন জাতীয় সম্পাদক এবং বিভিন্ন রাজ্য থেকে ৩৭ জনকে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও অত্যন্ত পরিচিত মুখ যুজবেন্দ্র চাহাল। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় বোলার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর।
আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যাঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। এবার খেলার মাঠের পাশাপাশি রাজনীতির পিচেও নতুন ইনিংস শুরু করলেন এই তারকা ক্রিকেটার।











































