আন্তর্জাতিক ডেস্ক।।
মিয়ানমারে বিরল মৃত্তিকা বা রেয়ার আর্থ খননে ব্যবহৃত রাসায়নিক পদার্থের রপ্তানি বন্ধের পরিকল্পনা করছে থাইল্যান্ড। সীমান্তবর্তী এলাকায় নদীদূষণ ও পরিবেশগত ক্ষতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ইয়োতচানান ওংসাওয়াত এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সম্ভাব্য সব ধরনের উপায় কাজে লাগিয়ে এ পদক্ষেপ নেওয়া হবে। মিয়ানমারসহ সংশ্লিষ্ট কয়েকটি দেশে রপ্তানির জন্য বিরল মৃত্তিকা উৎপাদনে ব্যবহৃত রাসায়নিকের সরবরাহ বন্ধ করাই এর লক্ষ্য।
এদিকে বিষয়টি নিয়ে আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর থাইল্যান্ড, চীন ও মিয়ানমারের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে থাই সরকার।
মিয়ানমারে ব্যাপক হারে বিরল মৃত্তিকা খননের কারণে উত্তর থাইল্যান্ডের নদীগুলো দূষিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় খননকাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থ নদীর পানিতে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।
এ পরিস্থিতিতে রবিবার থাই সরকার জানিয়েছে, বিষাক্ত দূষণ মোকাবেলায় কোক নদীর থাইল্যান্ড অংশকে ‘দূষণ নিয়ন্ত্রণ অঞ্চল’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
বিরল মৃত্তিকা আধুনিক প্রযুক্তি, ইলেকট্রনিকস ও বৈদ্যুতিক গাড়িসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এর উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত রাসায়নিকের কারণে পরিবেশদূষণের ঝুঁকি তৈরি হতে পারে।











































