স্টাফ রিপোর্টার।।
ডিসেম্বরকে সামনে রেখে ক্যাম্পাসে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল (বিএল) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকায় পদায়ন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
ওএসডি হওয়া দুই শিক্ষক হলেন-রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ শামীম (পরিচিতি নং- ১২৯৮২) এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হারুন-অর-রশীদ (পরিচিতি নং- ১৬০৩৫)। জানা গেছে, ড. মোঃ শামীমের বাড়ি গোপালগঞ্জে এবং তিনি ও মোঃ হারুন-অর-রশীদ মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষা ক্যাডারে চাকরি পেয়েছিলেন।
ক্যাম্পাস ও সংশ্লিষ্ট সূত্রে অভিযোগ উঠেছে, পতিত স্বৈরাচারের পতনের পরও এই দুই শিক্ষক ক্যাম্পাসে তাঁদের রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করতে গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। বিশেষ করে আগামী ডিসেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ রক্ষা করে বিএল কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করার লক্ষ্যে তাঁরা সংগঠিত হচ্ছিলেন।

প্রজ্ঞাপনে তাঁদের পূর্বের কর্মস্থল ‘ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা (ইনসিটু: সরকারি ব্রজলাল কলেজ, খুলনা)’ উল্লেখ করে পুনরায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে। একই সাথে বর্ণিত কর্মকর্তাগণকে ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে; অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
এদিকে, বিতর্কিত এই দুই শিক্ষককে বিএল কলেজ ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে বলে জানা গেছে।











































