ঢাকা অফিস।।
দেশের কয়েকটি বিভাগে আগামী কয়েক দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশির ভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
একই সঙ্গে মঙ্গলবার থেকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা সীমিত হয়ে আসতে পারে। এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তনের আভাস নেই।
দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।











































