Home Lead দায়িত্বের টানাপোড়েনে হারিয়ে গেল খুলনার আড়াইশ বছরের ইতিহাস

দায়িত্বের টানাপোড়েনে হারিয়ে গেল খুলনার আড়াইশ বছরের ইতিহাস

2


শামিম শিকদার।।


খুলনার নগরায়নের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী আড়াইশ বছরের পুরোনো চার্লির নীলকুঠি। দীর্ঘদিনের অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব আর সরকারি দুই দফতরের দায়িত্ব নিয়ে টানাপোড়েন শেষ পর্যন্ত ধসে পড়েছে ঐতিহাসিক এই স্থাপনা। ভবনের ধ্বংসস্তূপজুড়ে ছড়িয়ে আছে ইট, কাঠ ও লোহার ভাঙা অংশ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ভবনটির লোহার রডসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। যথাযথ নজরদারি থাকলে হয়তো এভাবে হারিয়ে যেত না খুলনার ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নিদর্শন। তবে ধ্বংসের পরও দায় নিতে নারাজ সংশ্লিষ্ট রেলওয়ে ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

গত বুধবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয়রা দেখতে পান, পুরো ভবনটি ধসে পড়েছে। রোববার (২২ নভেম্বর) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একসময়ের দোতলা বাংলো ধাঁচের ভবনটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইট, কাঠ ও ভবনের বিভিন্ন অংশ। কোথাও কোথাও কেটে নেয়া হয়েছে লোহার রড।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা ভবনটি থেকে রাতের আঁধারে বিভিন্ন নির্মাণসামগ্রী খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ক্রমেই দুর্বল হয়ে পড়ে স্থাপনাটি। একপর্যায়ে ধসে যায় পুরো অবকাঠামো।

স্থানীয় বাসিন্দা নবীন মন্ডল বলেন, ‘ছোটবেলা থেকেই ভবনটি দেখে আসছি। একসময় এটি খুলনার পুরোনো ইতিহাসের অংশ ছিল। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার বা পাহারা ছিল না। ধীরে ধীরে ভবনের বিভিন্ন অংশ নষ্ট হয়েছে। কিছুদিন ধরে এখানে কিছু দুর্বৃত্ত ভবনের লোহার রডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায়। কর্তৃপক্ষ আগে ব্যবস্থা নিলে এমন পরিণতি হতো না।

নাম প্রকাশ না করে আরেক বাসিন্দা বলেন, ‘রাতের বেলায় ভবন থেকে বিভিন্ন জিনিস খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুনেছি ভবনটা ধ্বংসের পর দখল করে মার্কেট করার পরিকল্পনাও রয়েছে। এটা আমাদের জন্য লজ্জাজনক, দুঃখের। দিনের পর দিন এভাবে ক্ষতিগ্রস্ত হলেও কেউ কার্যকর ব্যবস্থা নেয়নি। এখন পুরো ভবনটাই হারিয়ে গেল।

খুলনা বড় বাজারের পাশে রেলওয়ে হাসপাতাল সড়কে প্রায় ৪৩ শতক জমির ওপর অবস্থিত চার্লির নীলকুঠি। স্থানীয়ভাবে এটি খুলনা শহরের প্রথম পাকা ভবন হিসেবে পরিচিত। ইট, চুন-সুরকি, লোহার খাম্বা ও কাঠের পাটাতনে নির্মিত দোতলা বাংলো ধাঁচের ভবনটি তৎকালীন স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন ছিল। ইতিহাসের বিভিন্ন সূত্রে ভবনটির নির্মাণকাল নিয়ে কিছুটা মতভিন্নতা থাকলেও খুলনার প্রাচীন নগর ইতিহাস ও বড় বাজারের বিকাশের সঙ্গে স্থাপনাটির সম্পর্কের কথা উঠে এসেছে। পরবর্তী সময়ে ভবনটি নৌপরিবহন ও রেলওয়ে সংশ্লিষ্ট দফতরের কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।

রেলওয়ে ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, একসময় রেলওয়ের কাছ থেকে ভবনটি ইজারা নিয়ে আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহার করত বিআইডব্লিউটিসি। তবে ২০২১ সালে বকেয়া পরিশোধ নিয়ে বিরোধের জেরে বিআইডব্লিউটিসিকে সরিয়ে ভবনটির দখল নেয় রেলওয়ে। এরপর থেকে ভবনটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগের অভাব ছিল বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে খুলনা রেলওয়ের কানুনগো মো. ইকবাল মাহমুদ বলেন, স্থাপনাটি বিআইডব্লিউটিসির। তাদেরই এখানে তদারকি করার কথা। তবে কেন তারা করেনি বলতে পারবো না। জায়গার মালিকানা রেলওয়ের হলেও তদারকির দায়িত্ব তাদেরই পড়ে, যেহেতু মূল স্থাপনা তাদের।

অন্যদিকে বিআইডব্লিউটিসির বরিশাল-খুলনা অঞ্চলের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জসিম উদ্দিন শিকদার বলেন, রেলওয়ে আমাদের কাছে কিছু পাওনা আছে। যেটা পরিশোধ করতে না পারায় ২০২১ সালে তারা আমাদের সরিয়ে দখল নেয়। তারা তাদের সাইনবোর্ডও সেখানে লাগিয়ে রেখেছে। ২০২১ সালের পর আমাদের নিরাপত্তা প্রহরীও তারা সরিয়ে নিতে বলে। এরপর থেকে আমাদের কোনো তদারকি নেই। তবুও এমন ঘটনার পর ঊর্ধ্বতন মহলে কথা বলে আমরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছি। নতুন করে আর কোনো ক্ষতি না হয় সেটার জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা করেছি।

দুই দফতরের এমন পাল্টাপাল্টি অবস্থানে ক্ষুব্ধ খুলনার নাগরিক সমাজের প্রতিনিধিরাও। তাদের মতে, সরকারি সম্পত্তি ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দায়িত্ব কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

নাগরিক নেতা এড. বাবুল হাওলাদর বলেন, দিনের পর দিন আমরা দাবি জানিয়ে এসেছি এমন ঐতিহাসিক নিদর্শন এর গুরুত্ব বিবেচনায় এটাকে প্রত্নতত্ত্ব অধিদফতরের আওতায় নিয়ে সংরক্ষণের। তবে আমাদের দাবির কথা কেউ শোনেনি। দুই দফতরের এমন গাফিলতিতে আমাদের একটা ইতিহাস নষ্ট হওয়ার পথে। আমাদের দাবি থাকবে, যেভাবেই হোক এটাকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে এনে সংরক্ষণ করতে হবে।

স্থানীয়দের দাবি, ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাটি আগের আদলে পুনর্নির্মাণের পাশাপাশি ভবিষ্যতে খুলনার অন্যান্য ঐতিহাসিক স্থাপনাও সংরক্ষণের উদ্যোগ নিতে হবে।