বটিয়াঘাটা প্রতিনিধি।।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের বাক্স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমীর এজাজ খান। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়নে মানুষের বাক্স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলের বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসায় মানুষ আবারও সেই স্বাধীনতা ফিরে পেয়েছে।
শনিবার বিকাল ৪টায় খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী, আমিরপুর ও জলমা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জলমা ইউনিয়নের চক্রাখালী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি আমীর এজাজ খান আরও বলেন, গণতন্ত্র, মানুষের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন, ক্ষমতার মোহ কাটাতে না পেরে পতিত সরকার মায়াকান্না করছে। তারা দেশের ভেতরে ও বাইরে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তবে জনগণ এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম জনি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, সাইফুর রহমান, কামরুল ইসলাম সিপার, ওয়াহেদুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান দুলু ও রুহুল মোমেন লিটন, জিসাস সভাপতি মো. নজরুল ইসলাম, আবুবক্কর সিদ্দিক নিরু, বাহাদুর মুন্সি, আবুল হোসেন, আসাবুর রহমান হাওলাদার, মোল্যা হামিদুর রহমান, রাশেদ কামাল, জসীম উদ্দিন, হাফিজুর রহমান, আসাদ মোল্যা, মহিলা দল নেত্রী সুইটি বেগম, আয়শা আক্তার সোনিয়া, জেসমিন আক্তার ও বায়েজিদ বিশ্বাসসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে শুরু হয়ে চক্রাখালী ময়দানে গিয়ে শেষ হয়। পরে মিছিলটি সমাবেশে রূপ নেয়।











































