Home আলোচিত সংবাদ ‘চাঁদের মাটিতে’ আলু চাষ: যেভাবে হলো এই অসাধ্য সাধন

‘চাঁদের মাটিতে’ আলু চাষ: যেভাবে হলো এই অসাধ্য সাধন

2


আন্তর্জাতিক ডেস্ক।।


চাঁদের মাটিতে ফসল ফলানোর সম্ভাবনার পথে অনেক দূর এগিয়ে গেছেন বিজ্ঞানীরা। নাসার অর্থায়নে এ পরীক্ষা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা। চাঁদের মাটির কৃত্রিম সংস্করণে আলু চাষ করে তারা দেখিয়েছেন, প্রয়োজনীয় জৈব পদার্থ ও পুষ্টি উপাদান সরবরাহ করা গেলে সেখানে পৃথিবীর উর্বর মাটির কাছাকাছি ফলন পাওয়া সম্ভব।

১৯ নভেম্বর বিজ্ঞান সাময়িকী এনপিজে মাইক্রোগ্র্যাভিটিতে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে। এতে ব্যবহার করা হয় ‘মোডক’ জাতের লাল খোসা ও সাদা শাঁসের আলু। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষাটি চাঁদে নয়, ওরেগন স্টেট ইউনিভার্সিটির গ্রিনহাউসে চালানো হয়েছে। এ ক্ষেত্রে চাঁদের প্রকৃত মাটির বদলে ব্যবহার করা হয়েছে ‘লুনার রেগোলিথ সিমুল্যান্ট’ বা চাঁদের মাটির মতো বৈশিষ্ট্যসম্পন্ন কৃত্রিম উপাদান।

কেঁচো সারেই মিলল সাফল্য

চাঁদের মাটি মূলত উল্কাপিণ্ডের আঘাতে তৈরি চূর্ণ পাথর ও ধূলিকণা। এতে পৃথিবীর কৃষিজমির মতো জৈব পদার্থ নেই। ফলে শুধু এই কৃত্রিম মাটিতে আলু চাষের চেষ্টা সফল হয়নি। সমস্যা কাটাতে গবেষকেরা মাটির সঙ্গে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার মেশান। পরীক্ষায় দেখা যায়, জৈব সারের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে আলুর বৃদ্ধি ও ফলনও বাড়ছে। ৩০ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশানো মাটিতে উৎপাদিত আলুর বৃদ্ধি ও ফলন পৃথিবীর মাটিতে জন্মানো আলুর সমপর্যায়ে পৌঁছায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা আরও পাঁচ ধরনের কৃত্রিম চাঁদের মাটিতে আলু চাষ করে দেখেছেন, মাটির গঠনভেদে ফলাফলে পার্থক্য হয়। কিছু নমুনায় গাছের বৃদ্ধি ও আলুর ফলন তুলনামূলক কম ছিল। তবে উৎপাদিত আলুর পুষ্টিমান পৃথিবীর মাটিতে জন্মানো আলুর কাছাকাছি পাওয়া গেছে। ক্ষতিকর প্রাকৃতিক উপাদান গ্লাইকোঅ্যালকালয়েডের মাত্রাতেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি।

গবেষণাটির নেতৃত্বে ছিলেন উদ্ভিদ জীববিজ্ঞানী আইমেরিক গোয়ার। তার দলের মতে, ভবিষ্যতে নভোচারীরা চাঁদে খাদ্যবর্জ্য ও উদ্ভিদের অবশিষ্টাংশ থেকে জৈব সার তৈরি করে তা কৃষিকাজে ব্যবহার করতে পারেন।

তবে এই সাফল্যকে চাঁদে কৃষিকাজ শুরুর চূড়ান্ত প্রমাণ ভাবার সুযোগ নেই। সেখানে পানির জোগান, তীব্র বিকিরণ, কম মাধ্যাকর্ষণ ও চরম তাপমাত্রার মতো চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। তারপরও দীর্ঘমেয়াদি চন্দ্রাভিযানে পৃথিবী থেকে খাবার বহনের ওপর নির্ভরতা কমানোর গবেষণায় এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।