Home স্বাস্থ্য সুন্দর ও সুস্থ ত্বকের জন্য প্রয়োজনীয় অভ্যাস

সুন্দর ও সুস্থ ত্বকের জন্য প্রয়োজনীয় অভ্যাস

0

মিলি রহমান।।

আমরা সবাই চাই ত্বক সব সময় সুস্থ, সতেজ ও সুন্দর থাকুক। কিন্তু নিয়মিত ত্বকের যত্ন না নেওয়া, অলস জীবনযাপন এবং পরিবেশের নানা প্রতিকূলতার কারণে ত্বক তার স্বাভাবিক সৌন্দর্য হারাতে শুরু করে। এর সঙ্গে যুক্ত হয় রাত জাগা ও অতিরিক্ত খাওয়ার অভ্যাস।

ফলে চোখের নিচে কালচে দাগ পড়ে, ত্বকে দেখা দেয় ব্রণ। আবার অতিরিক্ত মিষ্টি ও লবণাক্ত খাবারের প্রভাবও পড়তে পারে ত্বকে।

ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ও সুস্থতা ফিরিয়ে আনতে কী করা প্রয়োজন তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। ‘হেলদিবিল্ডার্জেড’ এর এক প্রতিবেদনে ত্বকের হারানো সতেজতা ফিরিয়ে আনতে বেশ কিছু উপায়ের কথা উল্লেখ করা হয়েছে। দৈনন্দিন জীবনে কয়েকটি অভ্যাস গড়ে তুললেই ত্বকের যত্ন নেওয়া সহজ হতে পারে। যেমন-

অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ খাবার বেছে নিন

ত্বক সুস্থ রাখতে খাদ্যতালিকায় অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ খাবার রাখা জরুরি। অ্যান্টি–অক্সিডেন্ট শরীরকে বয়সের ছাপ ও বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। ডালিম, পালংশাক, ডার্ক চকলেট, ব্লুবেরি ও স্ট্রবেরির মতো খাবারে রয়েছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট। তাই নিয়মিত এসব খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন

মানসিক চাপের প্রভাব পড়ে ত্বকের ওপরও। দীর্ঘদিন মানসিক চাপে থাকলে ত্বকে ব্রণসহ নানা সমস্যা দেখা দিতে পারে। তাই যতটা সম্ভব মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা, ডায়েরি লেখা কিংবা কোথাও বেড়িয়ে আসার মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করতে পারেন।

পর্যাপ্ত ঘুম জরুরি

ত্বক সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। ঘুমের সময় শরীর নিজেকে পুনরুদ্ধার ও মেরামত করার সুযোগ পায়। প্রতিদিন পর্যাপ্ত ও মানসম্মত ঘুম না হলে ত্বক নিষ্প্রভ ও ক্লান্ত দেখাতে পারে। তাই প্রতিদিন আট ঘণ্টার মতো ভালো ঘুমের অভ্যাস গড়ে তুলুন।

সূর্যের আলো থেকে ত্বককে সুরক্ষিত রাখুন

ত্বকের যত্নে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অতিরিক্ত সূর্যের আলো এড়িয়ে চলা। সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া গেলেও অতিরিক্ত রোদ ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে। তাই বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন। পাশাপাশি ছাতা, টুপি কিংবা শরীর ঢাকা পোশাক পরতে পারেন। এতে সূর্যের ক্ষতিকর ইউভিএ ও ইউভিবি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখা সহজ হবে।

ভিটামিন সি খান

ত্বকের যত্নে খাদ্যতালিকায় ভিটামিন সি-সমৃদ্ধ খাবার রাখুন। ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোলাজেন ত্বকের নমনীয়তা ও দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করে। ফলে বলিরেখা ও বয়সের ছাপ কমিয়ে রাখতে সহায়ক হতে পারে। লেবু, কমলা, পেয়ারা, আমলকীসহ বিভিন্ন ফলে পাওয়া যায় ভিটামিন সি।

অ্যালকোহল এড়িয়ে চলুন

বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে মাঝেমধ্যে এক-দুই গ্লাস পান করার অভ্যাস থাকতেই পারে। তবে অ্যালকোহল পান যতটা সম্ভব কমিয়ে আনা উচিত। অতিরিক্ত অ্যালকোহল শরীরে পানিশূন্যতা তৈরি করতে পারে, যা ত্বকের জন্য ভালো নয়। শরীরে পানির ঘাটতি দেখা দিলে ত্বক নিষ্প্রভ হয়ে যেতে পারে এবং প্রদাহের প্রবণতাও বাড়তে পারে। তাই ত্বকের সুস্থতা বজায় রাখতে অ্যালকোহল এড়িয়ে চলাই ভালো।

ত্বকের বয়সের ছাপ ও অন্যান্য ক্ষতি থেকে সুরক্ষা পাওয়া খুব কঠিন কিছু নয়। প্রতিদিনের জীবনে এই অভ্যাসগুলো অনুসরণ করলেই ত্বকের যত্ন নেওয়া সম্ভব। নিয়মিত চর্চার মাধ্যমে সুস্থ, সতেজ ও সুন্দর ত্বক ধরে রাখা যায়।