Home জাতীয় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পদক পেলেন ২৪ সেনাসদস্য

সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পদক পেলেন ২৪ সেনাসদস্য

1

ঢাকা অফিস।।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

একই অনুষ্ঠানে শান্তিকালীন অবদানের স্বীকৃতি হিসেবে ২৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। এরপর সেনাপ্রধান খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান স্মরণীয় করে রাখতে সেনাসদর প্রতিবছর এ সংবর্ধনার আয়োজন করে থাকে।

২০২৬-২০২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে সেনাপ্রধান মোট ২৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন। তাদের মধ্যে ৭ জন সেনাবাহিনী পদক (এসবিপি), ৪ জন অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৩ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পেয়েছেন।

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।