বিনোদন ডেস্ক।।
সম্প্রতি অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স।
সেই আলোচনায় উঠে এসেছে সহশিল্পীদের সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা, ব্যক্তিগত শারীরিক পরিবর্তন এবং ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির শুটিংয়ের স্মারক ধনুক-তিরের গল্প।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রচারিত অনুষ্ঠানে জেনিফারের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির অভিনেতা জশ হাচারসন।
অনুষ্ঠানে জেনিফারকে কয়েকজন সহশিল্পীর সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা ভালো থেকে খারাপ—এভাবে সাজাতে বলা হয়। তালিকায় ছিলেন জশ হাচারসন, লিয়াম হেমসওর্থ, ব্র্যাডলি কুপার, টিমোথি শ্যালামে ও ক্রিস প্র্যাট।
জেনিফারের পছন্দের তালিকায় প্রথম স্থান পেয়েছেন জশ হাচারসন। এরপর রয়েছেন লিয়াম হেমসওর্থ। তৃতীয় ও চতুর্থ স্থানে রেখেছেন যথাক্রমে ব্র্যাডলি কুপার ও টিমোথি শ্যালামেকে। আর তালিকার সর্বশেষে ছিলেন ক্রিস প্র্যাট।
অনুষ্ঠানে নিজের স্তন প্রতিস্থাপন নিয়েও কথা বলেন জেনিফার। ‘রিয়েল হাউসওয়াইভস অব নিউইয়র্ক’ রিয়েলিটি শোর একটি ঘটনা নিয়ে আলোচনার সূত্র ধরে তিনি জানান, তার নিজেরও স্তন ইমপ্লান্ট রয়েছে। ইমপ্লান্টগুলো নতুন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
এ ছাড়া ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির শুটিং থেকে কোনো স্মারক নিজের কাছে রেখেছেন কি না, জানতে চান উপস্থাপক অ্যান্ডি কোহেন। জেনিফার জানান, ক্যাটনিস এভারডিন চরিত্রে ব্যবহৃত ধনুক-তির তিনি সেট থেকে নিয়ে এসেছিলেন। তবে সেগুলো এখন আর খুঁজে পাচ্ছেন না। মজা করে বলেন, হয়তো কেউ সেগুলো চুরি করেছে। ঠিক কোথায় হারিয়েছে, তা তার জানা নেই।
২০১২ সালে ‘দ্য হাঙ্গার গেমস’-এর প্রথম ছবি মুক্তির পর ক্যাটনিস এভারডিন চরিত্রের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান জেনিফার। সিরিজটির জনপ্রিয়তায় তার অভিনয়ের পাশাপাশি ধনুক-তির হাতে লড়াইয়ের দৃশ্যগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।











































