Home আলোচিত সংবাদ জাবিতে এক দশকে কমেছে প্রজাপতির ৩০ প্রজাতি

জাবিতে এক দশকে কমেছে প্রজাপতির ৩০ প্রজাতি

2


ঢাকা অফিস।।

প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আশঙ্কাজনক হারে কমছে প্রজাপতির বৈচিত্র্য। এক দশকের কিছু বেশি সময়ে ক্যাম্পাস থেকে হারিয়ে গেছে অন্তত ৩০ প্রজাতির প্রজাপতি। গবেষকরা বলছেন, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস, পোষক উদ্ভিদের সংকট, নগরায়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং কীটনাশকের ব্যবহার এ সংকটের প্রধান কারণ।

প্রাণিবিদ্যা বিভাগের তথ্য অনুযায়ী, ২০১০ সালে ক্যাম্পাসে প্রায় ১১০ প্রজাতির প্রজাপতির অস্তিত্ব ছিল। ২০১৩ সালে এ সংখ্যা কমে প্রায় ১০০-তে দাঁড়ায়। ২০২৫ সালে পরিচালিত গবেষণায় শনাক্ত হয় ৭২টি প্রজাতি। আর বিভাগের সবশেষ পর্যবেক্ষণে নথিভুক্ত প্রজাতির সংখ্যা ৭০টিরও নিচে নেমে এসেছে। অর্থাৎ ২০১৩ সালের তুলনায় এক দশকের কিছু বেশি সময়ে ক্যাম্পাসে অন্তত ৩০টি প্রজাতি হারিয়ে গেছে।

২০২৫ সালে প্রকাশিত এক গবেষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রজাপতির পোষক উদ্ভিদ ও সেগুলোর বিস্তৃতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। গবেষণায় ৩৭টি উদ্ভিদ পরিবারের ১০৭টি উদ্ভিদকে ৭২ প্রজাতির প্রজাপতির শূককীটের পোষক উদ্ভিদ হিসেবে শনাক্ত করা হয়েছে।

গবেষণাটি পরিচালনা করেন গবেষক শ্রাবণী দাস, মুনতাহেনা রুহি, মুহাম্মদ সোহেল আবেদিন ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন। ‘এশিয়ান-অস্ট্রেলেশিয়ান জার্নাল অব বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি’-তে ২০২৫ সালের সংখ্যায় গবেষণাপত্রটি প্রকাশিত হয়।

গবেষণাপত্র ও প্রাণিবিদ্যা বিভাগের তথ্য অনুযায়ী, ২০১০ সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ১১০ প্রজাতির প্রজাপতির অস্তিত্ব ছিল। ২০১৩ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় প্রায় ১০০টিতে। ২০২৫ সালের গবেষণায় পাওয়া যায় ৭২ প্রজাতি। সবশেষ পর্যবেক্ষণে এ সংখ্যা আরও কমে ৭০টির নিচে নেমেছে। অর্থাৎ ২০১৩ সালের তুলনায় এক দশকের কিছু বেশি সময়ে ক্যাম্পাসে প্রজাপতির প্রজাতি কমেছে অন্তত ৩০টি।

গবেষণার তথ্য সংগ্রহ করা হয় ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। এসময় ক্যাম্পাসের ১০টি এলাকায় পর্যবেক্ষণ চালান গবেষকরা। এলাকাগুলোর মধ্যে রয়েছে বিশমাইল, জাবি স্কুল, উপাচার্যের বাসভবন সংলগ্ন লেক, পুরোনো কলা ভবন, প্রজাপতি পার্ক ও গবেষণাকেন্দ্র, সুইমিং পুলসংলগ্ন এলাকা এবং বোটানিক্যাল গার্ডেন।

গবেষণায় গুরুত্বপূর্ণ ১২টি পোষক উদ্ভিদের বিস্তৃতি বিশ্লেষণ করে দেখা যায়, আশারি লতা রয়েছে মাত্র দুটি এলাকায়। ধান পাওয়া গেছে তিনটি এলাকায় এবং আকন্দ রয়েছে চারটি এলাকায়।

অন্যদিকে কৃষ্ণচূড়া পাওয়া গেছে আটটি এলাকায়। তবে ১২টি উদ্ভিদের মধ্যে আটটি সব ১০টি এলাকাতেই পাওয়া গেছে। গবেষকদের মতে, কোনো পোষক উদ্ভিদের উপস্থিতি থাকলেই প্রজাপতির বংশবিস্তার নিশ্চিত হয় না। উদ্ভিদের পর্যাপ্ত সংখ্যা, বিস্তৃতি ও পরিবেশগত উপযোগিতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

খাদ্যশৃঙ্খলে প্রভাব

প্রজাপতির বৈচিত্র্য কমে যাওয়ার প্রভাব শুধু এ পতঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ক্যাম্পাসের অন্যান্য প্রাণীর খাদ্যশৃঙ্খলও। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত বলেন, প্রজাপতির শূককীট বিভিন্ন পাখির, বিশেষ করে কোকিলজাতীয় পাখির গুরুত্বপূর্ণ খাদ্য। পাখির ছানাদের বেড়ে ওঠার সময় এসব শূককীট পুষ্টিকর খাবার হিসেবে কাজ করে। ফলে পরিবেশে শূককীটের প্রাপ্যতা কমে গেলে কিছু পাখির খাদ্যসংকট তৈরি হতে পারে। এতে তাদের বেঁচে থাকা ও প্রজননেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রজাপতির আবাসস্থল সংকুচিত হলে তার প্রভাব ক্যাম্পাসের অন্যান্য প্রাণীর ওপরও পড়তে পারে।

প্রজাপতি কমে যাওয়ার পেছনে ক্যাম্পাসের পাশাপাশি আশপাশের এলাকার পরিবেশগত পরিবর্তনকেও দায়ী করছেন গবেষকেরা। প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, ‘নগরায়ণ, পোষক উদ্ভিদের স্বল্পতা এবং কীটনাশকের ব্যবহার প্রজাপতির সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ। সাভার ও ক্যাম্পাসসংলগ্ন এলাকায় গত কয়েক বছরে ব্যাপক পরিবেশগত পরিবর্তন ঘটেছে। আগে আশপাশের এসব এলাকা থেকে প্রজাপতি ক্যাম্পাসে আসত। কিন্তু নগরায়ণের কারণে সেসব এলাকার প্রাকৃতিক পরিবেশও বদলে গেছে। ফলে ক্যাম্পাসের বাইরে থেকে প্রজাপতির আগমন কমেছে। একই সঙ্গে ক্যাম্পাসে পোষক উদ্ভিদের সংখ্যাও কমেছে।’

তিনি আরও বলেন, ‘মশাসহ বিভিন্ন ধরনের পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত কীটনাশকও প্রজাপতির সংখ্যা হ্রাসে ভূমিকা রাখছে। এসব কারণে প্রজাপতির স্বাভাবিক বংশবিস্তার ও টিকে থাকা বাধাগ্রস্ত হচ্ছে।’

ক্যাম্পাসে প্রজাপতি সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষে প্রতিবছর আয়োজন করা হয় ভিন্ন প্রজাপতি মেলা। শুক্রবার (২৭ নভেম্বর) ১৬তম প্রজাপতি মেলার আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়।

অধ্যাপক মনোয়ার হোসেন জানান, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে প্রজাপতি সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ানোই এবারের মেলার মূল লক্ষ্য।