স্টাফ রিপোর্টার।।
খুলনার রূপসায় মো. রবিউল ইসলাম নামে এক রাজনৈতিক নেতাকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান , রাত ৮টা ১৫ মিনিটের দিকে রাজাপুর এলাকায় ভ্রাতৃ মঞ্চের সামনে থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রবিউল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে পপুলার জুটমিলের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খুলনা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, তবে কারা, কী কারণে রবিউল ইসলামকে তুলে নিয়ে কুপিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাযায়নি। তবে পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশের অভিযান চলছে।











































