Home Lead পেট্রাপোলে আ.লীগের বৈঠকের খবরের পর সীমান্তে পাহারা জোরদার

পেট্রাপোলে আ.লীগের বৈঠকের খবরের পর সীমান্তে পাহারা জোরদার

2


বেনাপোল (যশোর) প্রতিনিধি।।

ভারতের পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ চার নেতার বৈঠকের খবর প্রকাশের পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

এর আগে গতকাল রবিবার ভারতের পেট্রাপোল সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, আলাউদ্দিন নাফিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ বেশ কয়েকজন পলাতক নেতা জড়ো হয়ে বৈঠক করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় তথ্য ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে আজ সোমবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান আগামীর সময়কে বলেছেন, ‘সীমান্তের ওপারে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা বৈঠক করেছেন— এমন কোনো খবর আমার জানা নেই।’

দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করে তিনি জানালেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সীমান্ত ঘুরে যাওয়ার কোনো তথ্য তার জানা নেই বলে জানিয়েছেন ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী।

আগামীর সময়কে তিনি বললেন, ‘শুনেছি পেট্রাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।’

সরেজমিনে দেখা গেছে, সীমান্তের ওপারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের বৈঠকের তথ্য ছড়িয়ে পড়ার পর বেনাপোলের বিভিন্ন সীমান্তে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। গতকাল রবিবার রাত থেকে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।

এদিকে, যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় আজও বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভে গ্রামবাসী ও বন্দর শ্রমিকদেরও অংশ নিতে দেখা গেছে।

বিজিবির একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের বৈঠক হয়েছে দাবি করে ভারতীয় গণমাধ্যমে গুজব প্রচার করা হচ্ছে। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষায় সতর্ক রয়েছে বিজিবি।