বাগেরহাট প্রতিনিধি।।
প্রায় দেড় লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১৯৬৫ সালে পাঁচ একর জমির ওপর প্রতিষ্ঠিত হাসপাতালটির কাগজে-কলমে শয্যা রয়েছে ৫০টি। তবে বাস্তবে রয়েছে মাত্র ১৯টি। চিকিৎসক সংকট, শয্যাস্বল্পতা, জরাজীর্ণ আবাসিক ভবন, টয়লেটের দুরবস্থা ও ড্রেনেজ সমস্যায় ব্যাহত হচ্ছে এখানকার স্বাস্থ্যসেবা। এর মধ্যে ৪৭ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স উদ্বোধনের পরদিনই ৪টি চাকা ও বিভিন্ন যন্ত্রাংশ চুরি যাওয়ার ঘটনায় হাসপাতালটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪১ জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ১৬ জন। প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৫৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন অন্তর্বিভাগে প্রতিদিন প্রায় ৫০ জন রোগী চিকিৎসা নেন এবং হাসপাতালে ভর্তি থাকেন প্রায় ৬০ জন। বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে সীমিত জনবল ও অবকাঠামো নিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
সরেজমিনে দেখা যায়, প্রয়োজনের তুলনায় শয্যা কম থাকায় অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে। টয়লেট ব্যবস্থার দুরবস্থা নিয়েও রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ রয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনেও সমস্যা হচ্ছে। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়ছে।
হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের আবাসিক ভবনের অবস্থাও নাজুক। বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে। ছাদ চুইয়ে কক্ষে পানি ঢুকছে। কোনো কোনো ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বসবাসের অনুপযোগী পরিবেশের কারণে অনেক চিকিৎসক ও কর্মচারী কোয়ার্টারে না থেকে বাইরে ভাড়া বাসায় থাকছেন। আবাসিক ভবনে চুরির অভিযোগও রয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে ৪৭ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স নিয়ে। উদ্বোধনের পরদিনই চোরেরা অ্যাম্বুলেন্সটির চারটি চাকা ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায় বলে জানা গেছে। ফলে রোগীদের জরুরি পরিবহনে গুরুত্বপূর্ণ এই যানবাহনটি ব্যবহার করা যাচ্ছে না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লেলিন বলেন, ‘আমি এখানে এসে শুনেছি, অ্যাম্বুলেন্সের চাকাসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরি হয়েছে। একটি ভবন পরিত্যক্ত রয়েছে। চিকিৎসকদের আবাসিক ভবনের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। ওপর থেকে পলেস্তারা খসে মাথায় পড়ছে। এমনকি আমি যে কক্ষে থাকি, সেখানেও পানি ঢোকে। কোয়ার্টারের অবস্থা এমন যে অনেকে সেখানে না থেকে বাইরে ভাড়া বাসায় থাকেন। জরুরি ভিত্তিতে এসব বিষয়ে নজর দেওয়া না হলে এখানকার স্বাস্থ্যব্যবস্থা অচিরেই ভেঙে পড়বে।’
হাসপাতালের অবকাঠামোগত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। তিনি বলেন, ‘মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সবচেয়ে বড় সমস্যা অবকাঠামো। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জেনেছি, ৫৮টি স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শুরু হবে, এর মধ্যে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সও রয়েছে। চিকিৎসক মোটামুটি রয়েছেন, তবে তাদের বসার জায়গার সমস্যা রয়েছে। প্রথমে স্বাস্থ্য অবকাঠামোর উন্নতি করতে পারলে সমস্যার সমাধান হবে। অ্যাম্বুলেন্সের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, এর বিপরীতে একটি অ্যাম্বুলেন্স পাব।’
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব সংকট চললেও কার্যকর সমাধান হয়নি। তাদের দাবি, দ্রুত হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, শয্যা ও চিকিৎসকসংখ্যা বাড়ানো, টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং অ্যাম্বুলেন্স চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। এতে প্রায় দেড় লাখ মানুষের জন্য হাসপাতালটির স্বাভাবিক চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।











































