শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা।।
সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে তীর্থযাত্রী হিসেবে গিয়ে হরিণ শিকার ও শিকার করা হরিণের মাংস রান্নার সময় বিশ্বজিৎ রায় (২৫) নামে একজনকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সুন্দরবনের কুতুবখালী বনাঞ্চলে বনরক্ষীদের টহলের সময় তাকে আটক করা হয়। এ সময় বনরক্ষীদের ধাওয়া খেয়ে আরও চারজন বনের ভেতর পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ জব্দ করা হয়।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনার ডুমুরিয়া উপজেলার কুলটি (কুলাটি) গ্রামের লিটন মেম্বারের নেতৃত্বে ওই দলটি রাস উৎসবে গিয়ে হরিণ শিকারে লিপ্ত হয়। অভিযোগ উঠেছে, শিকার করা হরিণের মাংস রান্নার সময় বনরক্ষীদের হাতে ধরা পড়লেও জনৈক সাংবাদিকের জোর তদবিরের মাধ্যমে মূল হোতা লিটন মেম্বার রক্ষা পেয়ে যান এবং কেবল বিশ্বজিৎ রায়কে আটক দেখানো হয়। এছাড়া মাংস রান্নায় বিষয়টি গণমাধ্যরে কাছে গোপন করা হয়।
আটক বিশ্বজিৎ রায় খুলনার ডুমুরিয়ার কুলটি গ্রামের সুভাস রায়ের ছেলে। বন বিভাগ জানায়, সোমবার বিকেলে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম ও আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথভাবে সুন্দরবনের আলোরকোলের কুতুবখালী বনে হেঁটে টহল দিচ্ছিল। এ সময় বনের ভেতরে হরিণ ধরার ফাঁদ পাতা ও মাংস রান্নারত অবস্থায় ৫ জনকে দেখতে পান তারা। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলে ধাওয়া দিয়ে বিশ্বজিৎ রায়কে আটক করা হয়।
সোমবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস মুঠোফোনে জানান, আটক বিশ্বজিৎসহ পালিয়ে যাওয়া বাকি চারজন দুবলার রাস উৎসবে অংশ নেওয়ার জন্য সুন্দরবনে এসেছিল। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত বাকিদের আইনের আওতায় আনতে বনে তল্লাশি চালানো হচ্ছে। তবে লিটন মেম্বারের তদবিরে ছাড়া পাওয়ার বিষয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।











































