স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপ রাইজিং স্টার্সে টানা দুই জয়ের পর হারের স্বাদ পেল বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৭ উইকেটে হেরেছে সাইফ হাসানের দল।
তবে এই হারে সেমিফাইনালে ওঠার পথে কোনো প্রভাব পড়েনি বাংলাদেশের। আগের দুই ম্যাচ জিতেই শেষ চার নিশ্চিত করেছিল তারা।
দোহায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে দারুণ সূচনা পায় দল।
ইনিংসের প্রথম ওভারেই দুটি ছক্কা হাঁকিয়ে ১৪ রান তুলে নেন সাইফ। এরপর ইমনও কয়েকটি বাউন্ডারি মেরে রানের গতি ধরে রাখেন। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ৫৫ রান।
তবে এই জুটি ভাঙার পরই ছন্দ হারায় বাংলাদেশের ব্যাটিং। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একপর্যায়ে ১০০ রান পূর্ণ হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ইফতেখার ইফতি। তবে তার প্রতিরোধও বড় সংগ্রহ গড়ার জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৪৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল।
দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন পারভেজ হোসেন ইমন। ৩১ রান আসে ইফতেখার ইফতির ব্যাট থেকে। অধিনায়ক সাইফ হাসান করেন ২৮ রান।
১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা ‘এ’ দল। ২৩ রানেই প্রথম উইকেট হারায় তারা। এরপর বাকি ব্যাটাররা দলের পরিস্থিতি সামাল দেন। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৩৮ রান। ৬১ রানে দ্বিতীয় উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে লঙ্কানরা।
অধিনায়ক পাভান রত্নায়েকে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা ‘এ’ দল।
এদিকে, টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকং এবং দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে সাইফের দল। ফলে শ্রীলঙ্কার কাছে হারলেও শেষ চারে খেলার সুযোগ নষ্ট হচ্ছে না বাংলাদেশের।











































