Home জাতীয় স্বর্ণদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

ঢাকা অফিস।।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে সেখানে যাবেন তিনি। এ সফরে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখবেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

প্রধানমন্ত্রী অনুশীলনস্থল ঘুরে দেখার পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও দেখবেন তিনি।

অনুশীলন পরিদর্শন শেষে মঙ্গলবার বিকালে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

তারেক রহমানের এ সফরের মাধ্যমে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড ‘স্বর্ণদ্বীপে’ এই প্রথম কোনো সরকারপ্রধান তিন বাহিনীর যৌথ অনুশীলনের মহড়া পরিদর্শন করতে যাচ্ছেন। স্থানীয়ভাবে স্বর্ণদ্বীপ ‘জাহাইজ্জার চর’ হিসেবে পরিচিত।