স্পোর্টস ডেস্ক।।
নিউজিল্যান্ডের মাটিতে ১৭ বছর পর টেস্ট জয়ের স্বপ্নটা অধরাই রয়ে গেল ভারতের। ওয়েলিংটনে বেসিন রিজার্ভে মিচেল-ফিলিপসের দৃঢ় প্রতিরোধ প্রথম টেস্ট ড্রয়ে শেষ হয়।
হাই-স্কোরিং প্রথম টেস্ট ড্রয়ের এক সংবাদ সম্মেলনে আক্ষেপ ঝাড়েন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুবমান গিল। দীর্ঘ ৬ বছর নিষিদ্ধ থাকা বল চকচকে করতে আবারও থুতু ব্যবহারের অনুমতি দেওয়া উচিত বলে মত দেন গিল।
ব্যাখ্যায় তিনি বলেন, ক্রিকেট বল যত পুরনো হয়, এটি তত কম সুইং করে এবং ব্যাটারদের জন্য খেলা সহজ হয়ে যায়। এ কারণেই বোলাররা যতটা সম্ভব দীর্ঘ সময় বলের এক পাশের চকচকে ভাব ধরে রাখার চেষ্টা করেন।
তাই নিষিদ্ধ করার ছয় বছর পর খেলোয়াড়দের আবারও বল চকচকে করার জন্য থুতু ব্যবহারের অনুমতি দেওয়া উচিত বলে যোগ করেন তিনি।
কোভিড-১৯ মহামারিতে ২০২০ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রথম এই নিষেধাজ্ঞা জারি করে। ২০২২ সালে তা স্থায়ী নিয়মে পরিণত করে। তখন থেকে খেলোয়াড়দের বল চকচকে করার জন্য শুধু ঘাম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
বোলাররা বলের এক পাশ পালিশ করতে লালা বা ঘাম ব্যবহার করেন এবং অন্য পাশ স্বাভাবিকভাবে পুরনো বা অমসৃণ হতে দেন। এই প্রক্রিয়াটি বোলারদের বাতাসে বল সুইং করাতে সাহায্য করে।
২৭ বছর বয়সী গিল আরো বলেন, ‘আইসিসি কেন থুতু ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে না। কোভিড-১৯ মহামারি চলে গেছে অনেক বছর হয়ে গেল, তবুও এখন কেন এর অনুমতি দেওয়া হচ্ছে না তা আমার জানা নেই।’
ম্যাচে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৭০ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়লেও হেনরি নিকোলস এবং গ্লেন ফিলিপসের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৮৬ রানে অলআউট হয়।
জবাবে ভারত ৭২০ রানের বিশাল স্কোর (৯ উইকেটে) গড়লেও শেষ দিনে নিউজিল্যান্ডকে অলআউট করে জয় ছিনিয়ে নিতে পারেনি। ব্ল্যাক ক্যাপসরা সারা দিন ব্যাট করে ম্যাচ ড্র করে।
পিচ থেকে বোলাররা কোনো সাহায্য পাননি আক্ষেপ করে গিল বলেন, ‘এটি হতাশাজনক কারণ আমরা যেমন ফল চেয়েছিলাম তা পাইনি। আজকাল ড্র খুব একটা হয় না, আমরা ড্রয়ে অভ্যস্ত নই।’
আমরা ভেবেছিলাম উইকেটে বোলারদের জন্য আরো অনেক কিছু থাকবে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট আরও ফ্ল্যাট (ব্যাটিং-সহায়ক) হয়ে যায়। যত ওভারই বোলিং করা হোক বা যত দিনই খেলা গড়াক না কেন, উইকেটে কোনো পরিবর্তন আসেনি। এটি শুধু আরো ধীরগতির হয়ে গেছে বলে যোগ করেন তিনি।
আগামী জুনে লন্ডনের ওভালে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জনে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে এই ড্র দুই দলেরই ক্ষতি করেছে।
বর্তমানে পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে; আর নিউজিল্যান্ড তৃতীয় ও ভারত চতুর্থ স্থানে রয়েছে। আগামী বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।











































