গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি দোকান ভাঙচুর ও চারটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ (২৩ নভেম্বর) বিকালে লঞ্চঘাট এলাকায় দুই গ্রামের যুবকরা একটি মিছিল বের করে। এ মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক।
এর জের ধরে সন্ধ্যায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের উপর চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের যুবকেরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে সড়কে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে উভয় পক্ষের ৯ জন স্প্রিন্টারের আঘাতে আহত হয়। এসময় বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, একটি গোলমালের কথা শুনেছি। বিস্তারিত তিনি বলতে পারছেন না।











































