Home আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, সাবেক যুবলীগ নেতাদের ঘিরে অভিযোগ

খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, সাবেক যুবলীগ নেতাদের ঘিরে অভিযোগ

26



সৈয়দ হুমায়ূন কবীর রানা।।


খুলনায় আবারও মাথাচাড়া দিয়ে উঠছে ঝটিকা মিছিল ও নাশকতার ঘটনা। কখনো ককটেল বিস্ফোরণ, কখনো সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, আবার কখনো পেট্রোল বোমা নিক্ষেপ। বিচ্ছিন্ন এসব ঘটনার নেপথ্যে কারা, তাদের উদ্দেশ্য কী এবং কারা কলকাঠি নাড়ছে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নগরজুড়ে। স্থানীয় বিভিন্ন সূত্রের অভিযোগ, সাবেক যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও আওয়ামীলীগের সমর্থিত কতিপয় মিডিয়া ব্যক্তির অনুসারীদের একটি অংশের তৎপরতাকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়ে এখনো নিশ্চিত প্রমাণ সামনে আসেনি।


ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের মধ্যেই নগরীতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই গুঞ্জনকে কেন্দ্র করে ঝটিকা মিছিল ও নাশকতার ঘটনাগুলো নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও দেশে ফেরার গুঞ্জনের সঙ্গে এসব ঘটনার সরাসরি যোগসূত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি।


গত ১৯ নভেম্বর খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যান। বৃষ্টির কারণে আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


সাবেক যুবলীগ নেতার বাসভবন ঘিরে প্রশ্ন : খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ঠিক বিপরীত পাশে অবস্থিত সাবেক নগর যুবলীগ সভাপতি শফিকুর রহমান পলাশের বাসভবন ঘিরে স্থানীয়ভাবে নানা আলোচনা ও অভিযোগ রয়েছে। এলাকাবাসীর একাংশের দাবি, ভবনটিতে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা দেখা যায়। সাম্প্রতিক নাশকতার ঘটনার সঙ্গে ভবনটির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।


তবে এসব অভিযোগের পক্ষে এখনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। শফিকুর রহমান পলাশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্যও পাওয়া যায়নি। ফলে ভবনটিকে কেন্দ্র করে ওঠা অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করছেন বলে সদর থানার অফিসার ইনচার্জ মো লোকমান হোসেন রিপন জানাম। এ ছাড়াও এই তালিকায় আরো রয়েছে কয়েকজন।


ট্যারা মাসুম ও হুড সোহাগকে ঘিরে আলোচনা :
স্থানীয় সূত্রের অভিযোগে উঠে এসেছে মাসুম ওরফে ট্যারা মাসুমের নাম। স্থানীয়দের একটি অংশের দাবি, ৫ আগস্টের আগে তিনি যুবলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তী সময়ে নিজেকে তারা একটি সন্ত্রাসী দলের সদস্য হিসেবে পরিচয় দিয়ে চলাফেরা করেন বলেও অভিযোগ রয়েছে। একই এলাকার বাসিন্দা মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ আলীর দীর্ঘদিনের কর্মী হিসেবেও তাঁর পরিচিতি ছিল বলে স্থানীয় সূত্রের দাবি।
অন্যদিকে, মোহাম্মদ আলীর আরেক ঘনিষ্ঠ কর্মী হিসেবে সোহাগ ওরফে হুড সোহাগের নাম আলোচনায় এসেছে। স্থানীয় সূত্রের দাবি, তিনি ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।


তবে ট্যারা মাসুম ও হুড সোহাগের বিরুদ্ধে সাম্প্রতিক পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ কিংবা ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে। খুলনার এ সকল ঘটনার সাথে তাঁদের সঙ্গে এসবের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


নাশকতার নেপথ্যে কারা, তদন্তে কী বের হবে? একটি সরকারি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় শুধু হামলাকারীদের শনাক্ত করাই যথেষ্ট নয়; এর পেছনে পরিকল্পনাকারী, অর্থদাতা কিংবা নির্দেশদাতা কেউ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে খুলনার নাগরিক সমাজের নেতৃবৃন্দরা জানান। পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা ব্যক্তিদের পরিচয়, তাঁদের পালানোর পথ, ব্যবহৃত যানবাহন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে ঘটনার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে বলে খুলনার মানুষের অভিমত।


একই সঙ্গে সাবেক ও বর্তমান রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা প্রয়োজন। খুলনার রাজনৈতিক অঙ্গনে এখন বড় প্রশ্ন বিচ্ছিন্ন এসব ঘটনার পেছনে খুলনার ফাসিষ্ট আওয়ামিলীগের কিছু মিডিয়া ব্যাক্তিসহ আর কোন কোন সংঘবদ্ধ নেটওয়ার্ক সক্রিয় রয়েছে তা গোয়েন্দা সংস্থার সদস্যরা গোপন তদন্ত শুরু করেছেন। খুলনায় ধারাবাহিক নাশকতার জন্য তাদের মুল লক্ষ্য উদঘাটন ও তাদের সাথে বর্তমান সরকার দলীয় কোন কোন নেতা- কর্মীদের সম্পৃক্ততা রয়েছে তাও গোয়েন্দা সংস্হার সদস্যরা তদন্ত শুরু করেছেন বলে নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে। এটা কি শুধু নাশকতা নাকি ঘটনাগুলোর পেছনে আলাদা আলাদা কোন অশুভ পায়তারা রয়েছে।

তাদের সাথে খুলনার অপরাধ জগতের কোন সম্পৃক্ততা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কারা জড়িত, তাদের সঙ্গে অন্য নাশকতার কোনো যোগসূত্র আছে কি না এবং কথিত নেপথ্য পরিকল্পনাকারীরা কারা এসব প্রশ্নের উত্তর নির্ভর করছে নিরপেক্ষ ও কার্যকর তদন্তের ওপর।