স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ পাঁচটি মোড়ে ধারাবাহিক পথসভা করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে নগরীর ডাকবাংলা, রূপসা, লবণচরা, সাতরাস্তা ও রয়েল মোড়ে এসব পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য দেন তিনি। নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও জনসমাগমপূর্ণ মোড়ে এ কর্মসূচি ঘিরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়।
পথসভায় ইস্তিয়াক আহমেদ ইস্তি বলেন, খুলনা মহানগরীর শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নাশকতা, সহিংসতা কিংবা অন্য কোনো অপতৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বার্থকে গুরুত্ব দিতে হবে। যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংশ্লিষ্টরা জানান, নগরীর একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে ধারাবাহিক এই পথসভার মাধ্যমে জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের সক্রিয় থাকার বার্তা দেওয়া হয়েছে।











































