দামের নতুন রেকর্ড করেছে ব্রয়লার মুরগি। এক কেজি ব্রয়লার মুরগির দাম উঠেছে ২৫০ টাকায়। বাজারের সব গোশতের চেয়ে ব্রয়লার ছিল সবচেয়ে সস্তা। তাই নিম্নবিত্ত মানুষও মাসে, দুই মাসে একবার হয়তো মুরগির গোশতের স্বাদ চাখতে পারত। ছেলেমেয়ের মুখে দিতে পারত। আর নিম্ন মধ্যবিত্তের একমাত্র গোশতের উৎস ছিল এই ব্রয়লার। অন্তত সপ্তাহে এক দিন তারা পাতে গোশত পেত। কারণ গরু-খাসির গোশতের দাম অনেক আগেই এসব মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। গোশতের স্বাদ প্রায় ভুলেই গেছে অনেক মানুষ। সবশেষে ব্রয়লারও চলে গেল তাদের নাগালের বাইরে।
গত দু’দিনে বিভিন্ন সংবাদপত্রে বাজারদরের যে খবর প্রকাশ পেয়েছে তার শিরোনাম দখল করে নেয় পোলট্রির মুরগি বা ব্রয়লারের দামের আকাশছোঁয়ার প্রসঙ্গ। বলা হয়, এক মাস আগেও যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে, এক মাসের ব্যবধানে তার দাম ১০০ টাকা বেড়ে গেছে। শুধু মুরগির দামই নয়, একই সাথে বেড়েছে ডিমের দামও। এক হালি ডিম এখন ৫০ টাকা। এক মাসে মুরগির দাম বেড়েছে ৪৬ শতাংশ, ডিমের ১৭ শতাংশ।
বাজারে গিয়ে ক্রেতারা হতাশ হচ্ছেন। কেউ কেউ ক্ষোভ অসন্তোষ প্রকাশ করছেন, বিক্রেতার সাথে ঝগড়া বাধিয়ে দিচ্ছেন। অনেকে কিনতে না পেরে খালি হাতে ফিরে যাচ্ছেন। দেশী মুরগির দামও নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তের সাধ্যের বাইরে। প্রতি কেজি ৬০০ টাকা বা তার কিছু কমবেশি। গরুর গোশত ৭৫০ টাকা। খাসির প্রসঙ্গ না তোলাই ভালো।
অবস্থা দেখে মনে হচ্ছে, গোশত জিনিসটি নিম্নবিত্তের পাত থেকে উঠেই যাবে। ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেশি। শুধু ডিম আর মুরগি দিয়ে কোনোরকমে চলা যেত। এখন এসবেরও দাম যেভাবে বাড়ছে, তাতে খাওয়া কমিয়ে দেয়ার বিকল্প নেই।
সংবাদপত্রের খবর অনুযায়ী, বাজারে পোলট্রি মুরগির সরবরাহ কম। তাই দাম বেড়েছে। কিন্তু সরবরাহ কম কেন? এর কারণ যতটা জানা যাচ্ছে, তা হলো- প্রয়োজনীয় পরিমাণে পোলট্রি ফিড আমদানি হচ্ছে না। এ ক্ষেত্রেও ডলারের ঘাটতিই সম্ভাব্য কারণ। আমদানি কমে যাওয়ায় দাম বাড়িয়ে দিয়েছেন পোলট্রি ফিড উৎপাদনকারী মিলমালিকরা। দফায় দফায় পোলট্রি ফিডের দাম বাড়ানো হয়। কিন্তু বাড়তি দামে পোলট্রি ফিড কিনে খামার মালিকরা পোষাতে পারেন না। একটি মুরগির উৎপাদন খরচের চেয়েও কম দামে তাদেরকে সরবরাহ করতে হয়। বছরখানেক আগে যখন মুরগির উৎপাদন খরচ ছিল ১৪০ টাকার মতো, তখন খামারিরা ১২০ টাকার বেশি দামে মুরগি বিক্রি করতে পারেননি। বেশ কিছু দিন ধরে এভাবে চলতে থাকায় লোকসানের মুখে পড়ে ব্যবসায় ছেড়ে দেন অনেক খামারি। সংবাদপত্রের তথ্য, সারা দেশে লক্ষাধিক খামারের মধ্যে এই মুহূর্তে ৬০ হাজারের বেশি খামারে উৎপাদন বন্ধ। এই তথ্য সত্যি হলে বলতে হবে, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের যেসব সাফল্যের কাহিনী নেতা-মন্ত্রীদের মুখে শুনতে আমরা অভ্যস্ত, তাতে সত্যের লেশমাত্র নেই। একটি দেশের দুই-তৃতীয়াংশ পোলট্রি খামার বন্ধ হওয়া মানে কি এই নয় যে, পুরো শিল্পটি ধ্বংসের আর বাকি নেই!
সমস্যা হলো, অদক্ষতা ও ব্যর্থতার দায় নেয়ার সৎসাহস আমাদের নেতা-মন্ত্রী বা সরকার- কারো নেই। আবার যেখানে ব্যর্থতা সেখানে সর্বশক্তি দিয়ে পরিস্থিতির উন্নয়ন ঘটানোর সাধ্য কিংবা সদিচ্ছাও তাদের নেই। ফলে অর্থনীতির যে নিম্নমুখী গতি দেখা যাচ্ছে, পোলট্রি শিল্পও স্বাভাবিকভাবেই সেই পথে যাবে, তাতে সন্দেহ নেই।
অদূরভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হবে এমন অবান্তর আশাবাদের কথা আমরা জাতিকে শোনাতে চাই না; বরং আরো কঠিন অবস্থার জন্য মানসিক ও বাস্তব প্রস্তুতি রাখার ব্যাপারে সচেষ্ট হওয়াই সম্ভবত বুদ্ধিমানের কাজ হবে।











































