Home সম্পাদকীয় রোহিঙ্গা নিয়ে ঝুঁকি বাড়ছে: বন্ধু রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন

রোহিঙ্গা নিয়ে ঝুঁকি বাড়ছে: বন্ধু রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন

36

রোহিঙ্গা সঙ্কটের কারণে রোহিঙ্গা ও বাংলাদেশ উভয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিপর্যয় সৃষ্টির পেছনের মূল হোতা মিয়ানমারের সামরিক বাহিনী। এ অপরাধের দায় তাদের। বিষয়টি সারা বিশ্ব স্পষ্ট করে জানে। তার পরেও ক্ষতিগ্রস্ত পক্ষ এর কোনো প্রতিকার পায়নি। এ অবস্থায় অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়টি চিন্তাও করা যায় না। এ ধরনের ভয়াবহ অপরাধ সঙ্ঘটনের বিরুদ্ধে প্রতিষ্ঠিত বৈশ্বিক আইনকানুন রয়েছে। রয়েছে সেগুলোর বাস্তবায়নকারী জাতিসঙ্ঘসহ প্রভাবশালী রাষ্ট্রের সমন্বয়ে আন্তর্জাতিক সম্প্রদায়। প্রশ্ন হচ্ছে, তার পরেও কেন বিচারের বাণী কাঁদছে? ঘটনার শিকার পক্ষগুলো ধুঁকছে। এ প্রসঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতের একটি মন্তব্য প্রাসঙ্গিক। বিশ্বসম্প্রদায়ের প্রতি প্রশ্ন ছুড়ে তিনি বলেছেন, মিয়ানমারে আমরা নিষেধাজ্ঞা দিয়েছি; তোমরা কী করেছ?
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত এক সেমিনারে গত সোমবার রাষ্ট্রদূত হোয়াইটলি জানান, মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা কী কী পদক্ষেপ নিয়েছেন। অস্ত্র নিষেধাজ্ঞা ও উন্নয়ন সহযোগিতা বাতিল করার পাশাপাশি তারা রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা বজায় রেখেছেন। ইউক্রেন আগ্রাসনের কারণে ইউরোপও নতুন করে ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পরও রোহিঙ্গা সঙ্কটে তাদের সহযোগিতা অব্যাহত রয়েছে। তিনি মূলত অন্য বৈশ্বিক পরাশক্তি এ প্রসঙ্গে কী ভূমিকা রাখছে, সেটা ইঙ্গিত করতে চেয়েছেন। রোহিঙ্গা সঙ্কট সমাধানে বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের বন্ধু বলে প্রভাবশালী রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়ে শুরু থেকে প্রশ্ন উঠেছে। মোট কথা, আমেরিকা ও ইইউ’র পাশাপাশি রাশিয়া, চীন ও ভারতের মতো দেশগুলো একই সমান্তরালে মিয়ানমারের মানবতাবিরোধী অবস্থানের বিরুদ্ধে দাঁড়ালে সমস্যা সমাধান এতদিনে হয়ে যেত হয়তো।
এই সঙ্কটের কারণে রোহিঙ্গারা তাদের ভিটেমাটি থেকে উৎখাত হলেও বাংলাদেশও বিপুল ক্ষতির মুখে পড়েছে। এই ক্ষতির গভীরতা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভিত্তি দুর্বল করবে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দানের ফলে দক্ষিণের গুরুত্বপূর্ণ, কক্সবাজারের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। ইতোমধ্যে বন উজাড় হয়েছে, বিস্তীর্ণ এলাকায় পাহাড় কেটে ধ্বংস করা হয়েছে। প্রাণ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব এর মধ্যে পড়ছে। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানা যাচ্ছে, ২০১৭ সালে ৯৭ জন রোহিঙ্গার দেহে মারাত্মক ব্যাধি এইডস শনাক্ত হয়েছিল। সেখানে অনিয়ন্ত্রিত যৌনাচারের কারণে ইতোমধ্যে তা আরো বিস্তৃতি ঘটতে পারে। স্থানীয় মাদক চোরাচালানের বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে রোহিঙ্গারা। গত বছর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠী চিকিৎসা বঞ্চিত হচ্ছে। তবে সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়েছে ওই অঞ্চলের সার্বিক নিরাপত্তা। বিভিন্ন স্বার্থের সঙ্ঘাতে জড়িয়ে প্রতিনিয়ত রোহিঙ্গারা নিজেদের মধ্যে খুনোখুনি করছে। রোহিঙ্গা শিবিরে অপরাধী চক্র গড়ে ওঠার খবরও পাওয়া যাচ্ছে। টেকনাফে কিছু দিন ধরে স্থানীয় মানুষ অপহরণের ঘটনা ঘটছে। মুক্তিপণ দিয়ে তাদের উদ্ধারের খবর মিডিয়ায় এসেছে। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ মোটাদাগে বিপদে পড়ে গেছে। এ থেকে মুক্তি পাওয়ার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।
হোয়াইটলির প্রশ্নটি সে কারণে একেবারে প্রাসঙ্গিক। রাশিয়া, চীন ও ভারত এখন বাংলাদেশের উষ্ণ বন্ধু। ভারতকে বাদ রাখলেও রাশিয়া ও চীন দুটো পরাশক্তি। যুক্তরাষ্ট্রের ও ইইউ’র একই সমান্তরালে এই দেশ দুটো ভূমিকা রাখলে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে। নাগরিক মর্যাদায় বসবাস করার স্বীকৃত আন্তর্জাতিক অধিকার রোহিঙ্গারা ফিরে পাবে। একইভাবে কক্সবাজারের স্বাভাবিক পরিবেশ ফিরে পাওয়ার সুযোগ হতো। বাংলাদেশ বেঁচে যেত উচ্চ নিরাপত্তা ঝুঁকি থেকে। বাস্তবতা হচ্ছে মিয়ানমারের অন্যায়ের বিরুদ্ধে জাতিসঙ্ঘে উত্থাপিত প্রস্তাবের বিরুদ্ধে পরাশক্তি রাশিয়া ও চীন অবস্থান নিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এ দেশগুলো কি চায় না, রোহিঙ্গারা নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে বসবাসের অধিকার ফিরে পাক? তারা কি চায় না বাংলাদেশ বিপদ হতে উদ্ধার হোক? দুর্ভাগ্য হলো, কাজের মাধ্যমে আমাদের এই কথিত বন্ধু রাষ্ট্রগুলো প্রমাণ করছে তারা রোহিঙ্গা ও বাংলাদেশের উপকারের পক্ষে নেই।