ঢাকা অফিস।।
প্রয়াত পিতা হাজী মো. তায়েব উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার (১৪ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে বীরমুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে এ উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে রাষ্ট্রপতি উপস্থিত হয়ে প্রয়াত পিতার আত্মার শান্তি কামনা করেন। হাজী মো. তায়েব উদ্দিন ১৯৭১ সালের ১৪ নভেম্বর পরলোক গমন করেন।
এসময় রাষ্ট্রপতির জ্যেষ্ঠ পুত্র কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, রাষ্ট্রপতির ছোট ভাই ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক নূরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রইছ উদ্দিনসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনের রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সাথে মতবিনিময় করবেন।
এর আগে সকাল ১১টার দিকে মিঠামইনে নির্মিত সেনানিবাসের উন্নয়ন কাজ পরিদর্শন করে খোঁজ খবরে নেন। এসময় সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সোমবার বিকেলে হাওর উপজেলা ইটনার উন্নয়ন কাজ পরিদর্শন শেষে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে রাষ্ট্রপতির নামে প্রতিষ্ঠিত অডিটোরিয়ামে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাতদিনের সফরে শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনের গ্রামের বাড়ি কামালপুরে এসেছেন। সেখান থেকে অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করার কথা রয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় হেলিকপ্টার যোগে রাষ্ট্রপতি কিশোরগঞ্জ শহরের খড়মপট্টির বাসভবনে যাবেন। বুধবার মাগরিবের পর রাষ্ট্রপতি কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করবেন।
পরদিন ১৮ নভেম্বর বৃহস্পতিবার বেলা আড়াইটায় কিশোরগঞ্জ থেকে হেলিকপ্টার যোগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানা গেছে।











































