Home জাতীয় পাহাড়ে নতুন সম্ভাবনা দেখাচ্ছে গরম মসলার চাষ

পাহাড়ে নতুন সম্ভাবনা দেখাচ্ছে গরম মসলার চাষ

50

খুলনাঞ্চল রিপোর্ট।।

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সম্ভাবনার নতুন পথ দেখাচ্ছে উচ্চ মূল্যের মসলা চাষের। এরই মধ্যে সফলতা পেয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

বাড়ছে চাষ আর চাষির সংখ্যা। প্রান্তিক চাষিদের কাজে লাগিয়ে মসলা চাষ পাহাড়ে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলেও মনে করছেন স্থানীয়রা।

পাহাড়ের চাষ মনেই জুম, আদা-হলুদের চাষ। সম্প্রতি পাল্টে যাচ্ছে চাষ ব্যবস্থা। উজ্জ্বল হচ্ছে উচ্চ মূল্যের দারুচিনি, আলুবোখারা, গোলমরিচসহ বহু মূল্যের মশলা ফসলের সম্ভাবনা।

২,৬০০ জন চাষি নিয়ে রাঙ্গামাটির পাহাড়ে শুরু হয়েছে মসলা চাষের পাইলট প্রকল্প। কৃষকদের দেয়া হচ্ছে বিনামূল্যে আলুবোখরা, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ ইত্যাদি মসলার চারা।

এই পাইলট প্রকল্পের পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, শুধু গাছের চারা-কলপ নয়, কৃষকদের কৃষকদের কৃষি যন্ত্রপাতি, সার ও রোপণ কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়া, স্বল্প সময়ে আয়ের জন্য কৃষকদের সাথী ফসল হিসেবে পেঁপে চারা, উন্নত জাতের পেয়ারা ও জলপাই চারাও দেওয়া হয়েছে।

তিনি বলেন, দুর্গম স্থানেও উচ্চ মূল্যের বিভিন্ন মসলা চাষ করে চাষিরা ছয়মাস থেকে এক বছরের মধ্যে লাভের মুখ দেখছেন।

শফিকুল বলেন, ‘চাহিদা পূরণ করতে পারলে আমরা দেশে আমদানি নির্ভরতা কমাতে পারবো। পাহাড়ের কৃষকরা কিন্তু খুবই উৎসাহী মসলা চাষে। অনেক কৃষক ইতোমধ্যে আলুবোখরার নার্সারি করে চারা-কলম নিজেরা বিক্রি করছেন’।

অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পাহাড়ে কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়নেও জোর দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, দুর্গম স্থানে উচ্চমূল্যের ও কম ওজনদার মসলা চাষাবাদের সুযোগ রয়েছে। এসব ফসল কম ওজনদার, দীর্ঘদিন রাখা যায় এবং মূল্যবান হওয়ায় কৃষকরা নিজ ঘরে তা সংরক্ষণ করতে পারে।

তিনি বলেন, প্রয়োজনীয় সময়ে দূরের বাজারে নিয়ে বিক্রি করে অধিক অর্থ পেতে পারেন। এটি একটি পাইলট প্রকল্প। পরবর্তী সময়ে এই প্রকল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বড় আকারে পার্বত্য চট্টগ্রামের কৃষকদের জন্য মসলা চাষ প্রকল্পটি হাতে নিতে পারবো’।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রায় ৩৫ কোটি টাকায় ‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় উচ্চ মূল্যের মসলা চাষ’ প্রকল্প নামে পাচঁ বছরের একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করছে।