খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৬ শতাধিকের অধিক নতুন ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে ফ্যাসিস্ট মানসিকতাসম্পন্ন একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিভিন্ন অপকৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ খুলনার নেতৃবৃন্দ। তাদের দাবি, নতুন ভোটারদের ভোট প্রদানে বাধাগ্রস্ত করতে ভোটার তালিকায়
ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানো এবং প্রশাসনিক প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এহেন কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধ, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের পরিপন্থী এবং চরম নিন্দনীয়।
এ বিষয়ে খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন পরিচালনা পর্ষদের আপীল বিভাগের চেয়ারম্যানের নিকট আপত্তির বিরুদ্ধে জবাব দাখিল করেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ খুলনার পক্ষে খুলনা জেলা পিপি অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার। শুনানীতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট হুমায়ুন কবীর উজ্জল।
পর্যালোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট তুষার বলেন, বৈধভাবে অন্তর্ভুক্ত নতুন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত। কোনো
ফ্যাসিস্ট মানসিকতাসম্পন্ন ও স্বার্থান্বেষী গোষ্ঠীর ষড়যন্ত্রের মাধ্যমে বৈধ ভোটারদের ভোটাধিকার খর্ব করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষতা বজায় রেখে সকল বৈধ ভোটারের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।











































