স্টাফ রিপোর্টার।।
‘পরিবেশ বাঁচলেই উপকূল বাঁচবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের গোপালখালী বাসস্ট্যান্ড ও বাজারে বিশ্ব পরিবেশ দিবস এ কর্মসূচি পালিত হয়। ক্লাইমেট অ্যাকশন ফোরাম, বটিয়াঘাটার উদ্যোগে ও বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা অবিলম্বে উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় নীতিপ্রণেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, অস্তিত্ব রক্ষায় জাতীয় বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দ, সুপেয় পানির টেকসই সমাধান, মজবুত বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবন রক্ষা এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। উপকূলকে রক্ষা করতে হলে এ অঞ্চলের মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য ও স্থানীয় সাবেক ইউপি সদস্য কুদ্দুস ফকির, ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি বিপ্রদাস রায়। উপস্থিত ছিলেন লিডার্স-এর প্রকল্প অফিসার ইভানা আফরিন ফিল্ড ফ্যাসিলিটেটর হিমাংশু মণ্ডল ও চৈতি মণ্ডল প্রমুখ।











































