এলজিইডি কর্মকর্তার ‘আজব’ সাফাই! ঠিকাদার পলাতক, কাজের স্থায়িত্ব নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।
সাতক্ষীরার তালা উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘তালা-সুভাষিনী বাজার হয়ে জাতপুর সিসি সড়ক’ সংস্কার কাজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সিডিউল বা সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ধুলাবালি ও ময়লার আস্তরণের ওপরই তড়িঘড়ি করে কার্পেটিং সীলকোট দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সড়কটির পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ কাজে অত্যন্ত নিম্নমানের ৩ নম্বর ইট ব্যবহারের উৎসব চলছে। বুধবার (১০ জুন) দুপুরে সরেজমিনে প্রকল্প এলাকায় গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন হরিলুটের বাস্তব চিত্র চোখে পড়ে।
ধুলাবালির ওপর কার্পেটিং, বাতাসে উড়বে সড়ক! স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন এই সড়ক সংস্কারে শুরু থেকেই শুভঙ্করের ফাঁকি চলছে। সরকারি বিধি অনুযায়ী, কার্পেটিং করার ঠিক পূর্ব মুহূর্তে নির্দিষ্ট নিয়মে প্রাইমকোট (বিটুমিনের তরল স্তর) প্রয়োগ করে তার ওপর পাথর-বিটুমিন ফেলতে হয়। কিন্তু এই প্রকল্পে প্রায় দুই দিন আগে প্রাইমকোট দিয়ে ফেলে রাখা হয়েছিল।

ফলে দুই দিনে সড়কের ওপর যানবাহনের চাকার ধুলা ও ময়লার পুরু আস্তরণ জমে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সেই ময়লা পরিষ্কার না করেই সরাসরি তার ওপর পিচ ঢালাই দিচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, ধুলাবালির ওপর পিচ দেওয়ায় তা মূল সড়কের সাথে জোড়া লাগবে না এবং সামান্য বৃষ্টি বা ভারী গাড়ি গেলেই কার্পেটিং উঠে সড়কটি ধসে পড়বে।
ঠিকাদার লাপাত্তা, এলজিইডি কর্মকর্তার ‘আজব’ যুক্তি: অনিয়ম ও লুটপাটের বিষয়ে বক্তব্য জানতে এই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসু ট্রেডার্স-এর স্বত্বাধিকারী কল্যাণ বসুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। দুর্নীতি ফাঁসের ভয়ে তিনি এক প্রকার গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয়দের দাবি।
এদিকে, অনিয়ম ঠেকাতে যেখানে এলজিইডি কর্মকর্তাদের তৎপর থাকার কথা, সেখানে উল্টো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে খোদ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। অনিয়মের বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সজল কুমার শীল অবলীলায় এক আজব সাফাই গেয়ে বলেন, “প্রাইমকোট দুই দিন আগে দেওয়া হলেও কাজে কোনো সমস্যা হবে না।” তবে সড়ক নির্মাণে নিম্নমানের ৩ নম্বর ইট ব্যবহারের বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা মুখ বন্ধ রাখেন এবং কোনো মন্তব্য করতে রাজি হননি।

তদন্ত ও পুনঃকাজের দাবি: সরকারি অর্থ এভাবে অপচয় ও লুটপাট হতে দেখে ক্ষোভে ফুঁসছেন জাতপুর ও সুভাষিনী এলাকার সাধারণ মানুষ। তাঁদের দাবি, এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন অনতিবিলম্বে মাঠ পর্যায়ে এসে এই ঠিকাদারের কাজ তদন্ত করেন। এই ত্রুটিপূর্ণ ও ফাঁকিবাজির কাজ বাতিল করে সিডিউল অনুযায়ী নতুন করে টেকসই কাজ বুঝে নেওয়ার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।











































