স্পোর্টস ডেস্ক।।
টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে মুখিয়ে আছে বাংলাদেশ। অন্যদিকে, ঘরের মাঠে খেলতে নামা ভারতের লক্ষ্য হারানো রাজত্ব পুনরুদ্ধার করা।
এমন হাইভোল্টেজ ফাইনালের আগে গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় ভারতকে কিছুটা আত্মবিশ্বাসী করলেও মাটিতেই পা রাখছেন দলটির অধিনায়ক সঙ্গীতা বাসফোর। ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, গ্রুপ পর্বের সেই জয় তারা পেছনে ফেলে এসেছেন। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ লড়াইয়ের জন্যই প্রস্তুত তার দল।
গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে আধিপত্য বিস্তার করে জেতার বিষয়টি ফাইনালে মানসিকভাবে ভারতকে এগিয়ে রাখবে কি না? এমন প্রশ্নের জবাবে পেশাদার উত্তর দেন সঙ্গীতা।
তিনি বলেন, ‘গ্রুপ পর্বের ম্যাচ আমরা শেষ করেছি এবং সেটা এখন আমাদের জন্য অতীত। আমরা এখন ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছি।
বাংলাদেশের সঙ্গে আমাদের ইতোমধ্যে একটি ম্যাচ হয়েছে, তাই আমরা জানি পরিস্থিতি কেমন। এখন ফাইনালে আমরা শারীরিক ও টেকনিক্যাল লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।’ ফাইনালে স্নায়ুচাপ সামলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে প্রথম গোলটিকেই গুরুত্বপূর্ণ মনে করছেন ভারতীয় অধিনায়ক।
সঙ্গীতা বলেন, ‘আমাদের কাছে প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, ফাইনালে প্রথম গোলটি করতে পারলে তা আমাদের দলের জন্য বড় একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করবে।’
হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে কোনো বাড়তি চাপ অনুভব করছেন কি না? এমন প্রশ্নে সঙ্গীতা জানান, তাদের মধ্যে কোনো বাড়তি চাপ নেই।
তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনো বাড়তি চাপ নেই। তবে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে আমরা সম্মান করি এবং তাদের খেলাকেও সম্মান করি। আমরা এটাকে ফাইনাল হিসেবেই দেখছি। মাঠে নেমে সেরাটা দেওয়ার জন্য আমরা তৈরি।’
দলের ভেতরের ঐক্যের কথা তুলে ধরে এই মিডফিল্ডার আরও বলেন, ‘আমাদের দল ফাইনালে খেলার জন্য পুরোপুরি অনুপ্রাণিত এবং প্রস্তুত। আমরা সবাই একসঙ্গে আছি। ফাইনালে মাঠে নেমে জেতাটাই এখন আমাদের মূল লক্ষ্য।’









































