স্পোর্টস ডেস্ক।।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দারুণ ছন্দে আছেন তাওহীদ হৃদয়। আগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলার পর এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষেও খেলেছেন অপরাজিত ১০১ রানের ইনিংস।
তাওহীদের সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমও। এই সেঞ্চুরির পথে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
শুক্রবার (৫ জুন) পিকেএসপির ২ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তাওহীদ ও মুশফিকের জোড়া সেঞ্চুরিতে ৪২ ওভারে ৪ উইকেটে ৩৩৩ রান সংগ্রহ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভার করা হয়।
আগে ব্যাটিং করতে নেমে মোহামেডানের দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ ১০৭ রানের জুটি গড়েন। নাঈম ৫৩ রান করে আউট হন, এরপর এনামুল ফেরেন ৬২ রান করে। দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ঝড় তোলেন তাওহীদ ও মুশফিক। গাজী গ্রুপের বোলারদের ওপর চড়াও হয়ে দুজন মিলে গড়েন ১৭৩ রানের জুটি।
মাত্র ৬৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তাওহীদ। এটি তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬৬ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা।
অন্যদিকে মুশফিকও সেঞ্চুরি ছুঁয়ে বিদায় নেন। ৫৪ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছানো এই ব্যাটারের এটি লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি। ৫৫ বলে ১০১ রানের ইনিংসে তিনি মারেন ৮টি চার ও ৬টি ছক্কা।
এই ইনিংসের মধ্য দিয়েই লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। বাংলাদেশের ক্রিকেটে এই কীর্তি গড়া প্রথম ব্যাটার তিনি। তার পরে ১১ হাজার ৭৩৬ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল।
তাওহীদ ও মুশফিকের জোড়া সেঞ্চুরিতে মোহামেডান ৩৩৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রান তোলে। এরপর বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়।
ম্যাচটি এখন গড়িয়েছে রিজার্ভ ডেতে। শনিবার (৬ জুন) ২ উইকেটে ৪১ রান থেকে নিজেদের ইনিংস আবার শুরু করবে গাজী গ্রুপ ক্রিকেটার্স।









































