স্পোর্টস ডেস্ক।।
গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেলেও ফাইনালে প্রতিপক্ষকে বিন্দুমাত্র হালকাভাবে নিচ্ছে না ভারত। বরং গত ম্যাচগুলোতে পরীক্ষা-নিরীক্ষা চালালেও শিরোপা নির্ধারণী ফাইনালে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধান কোচ ক্রিসপিন ছেত্রী।
শুক্রবারের ফাইনালের আগে বৃহস্পতিবার (৪ জুন) গোয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ স্পষ্ট জানিয়েছেন, টুর্নামেন্টের এই পর্যায়ে এসে শিরোপা জয়ই তার একমাত্র লক্ষ্য।
পুরো টুর্নামেন্টজুড়ে বয়সভিত্তিক ও নারী ফুটবলের উন্নয়নের ওপর জোর দিলেও ফাইনালে এসে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ছেত্রী। তার মতে, শেষ ধাপে এসে রানার্সআপ হওয়ার কোনো মূল্য নেই।
কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপসের উদাহরণ টেনে ভারতীয় কোচ বলেন, ‘গ্রুপ পর্ব বা সেমিফাইনালে আমরা তরুণদের বাজিয়ে দেখেছি। কিন্তু এখন আমরা ফাইনালে। এখানে জয়টাই আসল।
মাইকেল ফেলপস অলিম্পিকে ২৮টি পদক জিতলেও মানুষ তার ২১টি স্বর্ণপদকের কথাই মনে রেখেছে। কেউ রৌপ্যপদক বা রানার্সআপ নিয়ে কথা বলে না। আমরা শেষ ধাপে পৌঁছে গেছি, এখন আমরা শুধু জিততে চাই এবং ট্রফিটা দেশে নিতে চাই।’
এ কারণেই বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী একাদশ মাঠে নামানোর কথা নিশ্চিত করেন তিনি।
ছেত্রী বলেন, ‘বাংলাদেশ ভালো দল এবং আমি মনে করি তারাও সেরা একাদশ নিয়েই নামবে। তাই ফাইনালে আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী দলটাই খেলাব।’
গ্রুপ পর্বের দাপুটে জয়কে এখন আর হিসাবের মধ্যে আনছেন না ছেত্রী। উল্টো ওই হারের কারণেই বাংলাদেশ ফাইনালে ভিন্ন মানসিকতা নিয়ে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে বলে সতর্ক তিনি।
ভারতীয় কোচ বলেন, ‘গ্রুপ পর্বের সেই জয়কে ফাইনালের সঙ্গে মেলানো যাবে না। এটা সম্পূর্ণ ভিন্ন হিসাবের ম্যাচ। বাংলাদেশ জানে, ফাইনালে তাদের হারানোর কিছু নেই; কারণ গ্রুপ পর্বে তারা ইতোমধ্যে আমাদের কাছে হেরেছে। অন্যদিকে আমাদের জিততেই হবে। তাই তাদের মানসিকতা ভিন্ন হবে। ম্যাচটা ফিফটি-ফিফটি অবস্থাতেই শুরু হবে।’
সেমিফাইনালে দুর্দান্ত ‘অলিম্পিক গোল’ করা ঋতুপর্ণা চাকমাসহ বাংলাদেশের ফরোয়ার্ডদের আটকাতে বিশেষ পরিকল্পনার কথা স্বীকার করেছেন ভারতীয় কোচ। তবে সেই পরিকল্পনা খোলাসা করতে চাননি তিনি।
রসিকতা করে ছেত্রী বলেন, ‘আমার বিশেষ পরিকল্পনা আছে, কিন্তু সেটা এখানে আপনাদের বলা যাবে না। বললে আপনারা গিয়ে পিটারকে বলে দেবেন! তবে হ্যাঁ, তাদের আটকাতে আমার নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।’
এ ছাড়া ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে অনলাইনে সমালোচনাকারীদেরও একহাত নিয়েছেন ছেত্রী। সমালোচকদের ঘরে বসে ট্রল করার বদলে মাঠে এসে খেলা দেখার আহ্বান জানান তিনি।









































