ঢাকা অফিস।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে শুক্রবার (৫ জুন) ফেরি করবীতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণে তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তাবিধান যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মন্ত্রণালয়ের আদেশে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিমকে।
এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. জাকির হোসেন সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়-দায়িত্ব নির্ধারণ, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা ও সুপারিশ প্রণয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে মতামত দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারবে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।









































