: শীর্ষ সন্ত্রাসী রাব্বিসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীতে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও চিহ্নিত সন্ত্রাসীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাব্বিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া নগরীর ৭নং ঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ আরও দুজনকে আটক এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) খুলনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এক বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনান্তে যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিশেষ অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), র্যাব, খুলনা জেলা পুলিশ এবং ৩ এপিবিএন যৌথভাবে অংশগ্রহণ করছে। যৌথ অভিযান টিম মূলত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত থেকেই মাঠপর্যায়ে অভিযান শুরু হয়েছে। বুধবার ভোরে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী রাব্বীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-নগরীর লবণচরার কৃষ্ণনগর এলাকার লুৎফর রহমানের ছেলে রাব্বি (২৫), খোকন কমিশনারের কালভার্ট এলাকার মরহুম আব্দুল আজিজ খানের ছেলে মো. আল-আমিন খান (২৪), পাওয়ারহাউজের সোবাহানের বাড়ির ভাড়াটিয়া মো. সেকেন্দার খানের ছেলে মো. রানা খান (২৭) ও বসুপাড়া এতিমখানার মোড় এলাকার মিজান ভিলার ফেলু শিকদারের ছেলে মো. স্বপন (২৪)।
নগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতদের মধ্যে রাব্বি খুলনার শীর্ষ সন্ত্রাসীর ঘনিষ্ঠ সহযোগী এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭৮ হাজার টাকা এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।” তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে, বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে নগরীর ৭নং ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩ পুরিয়া গাঁজাসহ দুজনকে আটক এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মো. রেজাউর রহমান জানান, ৭নং ঘাট এলাকা ছাড়াও বর্তমানে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের ধরতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।
এছাড়াও, জেলা পুলিশের সাথে সমন্বয় করে নগরীর রূপসা ব্রিজ এলাকায় একটি স্থায়ী (পার্মানেন্ট) পুলিশ চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যাতে অপরাধীরা কোনোভাবেই পার পেয়ে যেতে না পারে।










































