Home খেলাধুলা ব্রাজিলের সমর্থনে শোভাযাত্রায় মোটরসাইকেলের সাইলেন্সার খুলে শব্দদূষণ, ৪ জনকে জরিমানা

ব্রাজিলের সমর্থনে শোভাযাত্রায় মোটরসাইকেলের সাইলেন্সার খুলে শব্দদূষণ, ৪ জনকে জরিমানা

2

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।


মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে শব্দ দূষণ করার অভিযোগে চুয়াডাঙ্গায় চার ব্রাজিল সমর্থককে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। শোভাযাত্রায় অংশ নেয়া চার মোটরসাইকেল আরোহীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩১ মে) বিকেলে শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে শতাধিক সমর্থক এতে অংশ নেন।

মোটরসাইকেল নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বড়বাজার চৌরাস্তার মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে কিছু সময় অবস্থান করে সমর্থকরা আনন্দ-উল্লাস করেন এবং আতশবাজি ফোটান।

শোভাযাত্রায় অংশ নেয়া সমর্থকদের হাতে ছিল ব্রাজিলের পতাকা। অনেকেই প্রিয় দলের জার্সি পরে মোটরসাইকেল চালান। এ সময় শহরের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পথচারী ও ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

শোভাযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে সাইলেন্সারবিহীন অবস্থায় চলাচল করতে দেখা যায়। জেলা ট্রাফিক পুলিশ ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারজন মোটরসাইকেল চালক ব্রাজিল সমর্থককে ৮৫ হাজার টাকা জরিমানা করে। হালার যুক্ত সাইলেন্সার ব্যবহার করেন চার ব্রাজিল সমর্থক।

জেলা ট্রাফিক পুলিশের টিআই মোস্তফা জানান, বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরে ব্রাজিল সমর্থকরা মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন। কয়েকটি মোটরসাইকেলে সাইলেন্সারবিহীন অবস্থায় ছিল, যার কারণে অতিরিক্ত শব্দদূষণ হচ্ছিল। এ কারণে চারজনকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, চারটি মোটরসাইকেলে শব্দদূষণ সৃষ্টিকারী পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করা হচ্ছিল। এজন্য মোটরসাইকেলগুলো থানায় আনা হয়েছে।