Home খেলাধুলা ভারতের বিপক্ষে বাদ আফঈদা, একাদশে ফিরলেন মনিকা

ভারতের বিপক্ষে বাদ আফঈদা, একাদশে ফিরলেন মনিকা

0


স্পোর্টস ডেস্ক


সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় রাত আটটায় গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শুরু হবে গ্রুপ সেরা হওয়ার এই মহারণ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের মূল একাদশে দুটি বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ দল।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা কোচ পিটার বাটলারের নজর এড়ায়নি। বিশেষ করে মালদ্বীপের দ্বিতীয় গোলটি হজমের ক্ষেত্রে আফঈদা খন্দকারের ডিফেন্ডিং ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। আজ ভারতের বিপক্ষে মূল একাদশ থেকেই ছিটকে গেছেন তিনি। এর মাধ্যমে টানা ২৪ ম্যাচ খেলার পর অবশেষে বেঞ্চে বসতে হচ্ছে সাবেক এই অধিনায়ককে।

আফঈদার জায়গায় আজ রক্ষণভাগের কেন্দ্র সামলানোর বড় দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার মোসাম্মাৎ সুরমা জান্নাত। রক্ষণভাগের পাশাপাশি মাঝমাঠেও বড় শক্তি যোগ হয়েছে লাল-সবুজ শিবিরে। দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মনিকা চাকমা আজ চোট কাটিয়ে শুরুর একাদশে ফিরেছেন।

ইতিমধ্যেই ভারত ও বাংলাদেশ উভয় দলই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। তাই আজকের ম্যাচটি মূলত গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের লড়াই। প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দেওয়ায় গোল ব্যবধানে অনেক এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত। ফলে আজ শীর্ষস্থান ধরে রাখতে ভারতের জন্য কেবল একটি ড্র হলেই চলবে। অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যেতে চাইলে আজ জয়ের কোনো বিকল্প নেই মারিয়া মান্ডাদের সামনে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), মারিয়া মান্ডা (অধিনায়ক), শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, মোসাম্মাৎ মমিতা খাতুন, মনিকা চাকমা, আনিকা রানিয়া সিদ্দিকী, মোসাম্মাৎ সুরভী আক্তার আরফিন, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মাৎ সুরমা জান্নাত।