স্পোর্টস ডেস্ক
নেইমার আর ইনজুরি, অনেকটা যেন সমার্থক শব্দ। ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরি ব্রাজিলের এই পোস্টার বয়ের পিছু ছাড়ছে না। ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। তবুও আসন্ন বিশ্বকাপে তাকে স্কোয়াডে রেখেছে ব্রাজিল। ফের ইনজুরির ঝুঁকি থাকলেও ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি নেইমার বিশ্বকাপের মাঠে নামতে পারবেন বলে মনে করছেন। নেইমার নিজেও এখন আর ইনজুরির বিষয়টাকে পাত্তা দিচ্ছেন না। ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার ব্রাজিলের হয়ে খেলতে বদ্ধ পরিকর।
নেইমার তার ইনজুরিকে পাত্তা না দিলেও ব্রাজিল দলের মেডিকেল বিভাগ, এ নিয়ে বেশ সতর্ক। দলের তারকা ফরোয়ার্ডের জন্য জন্য বিশেষ পুনর্বাসন পরিকল্পনা তৈরি করেছেন তারা। বিশ্বকাপ ক্যাম্পের ১০ দিন আগে ডান পায়ের মাংসপেশিতে চোট ধরা পড়ে নেইমারের। পরীক্ষা-নিরীক্ষার পর ব্রাজিলের ফিজিও রদ্রিগো লাসমার জানান, মাঠে ফিরতে দুই থেকে ৩ সপ্তাহের মতো সময় লাগবে তার। নেইমারের ডান পায়ের কাফে যে ফোলা রয়েছে, সেটি খুব ছোটখাটো নয়। তাই স্কোয়াডে থাকলেও বিশ্বকাপ খেলতে পারবেন কি না- সেই শঙ্কা রয়েই গেছে।
এদিকে আগামী রোববার (৩১ মে) মারাকানায় প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে সেলেসাওরা। আগামী ৫ জুন মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।ব্রাজিল দলের লক্ষ্য, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই নেইমারকে পুরোপুরি ফিট করে তোলা।
প্রস্তুতি ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিশ্বকাপকে সামনে রেখে নিজের চূড়ান্ত ভাবনা তুলে ধরেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। এ এ সময় তিনি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড গঠন ও নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।
আনচেলত্তি জানান, নেইমারের সর্বশেষ ক্লাব ম্যাচের পর থেকে তিনি যে চোটে ভুগছিলেন, সে বিষয়ে সান্তোস ক্লাবের কাছ থেকে বিস্তারিত মেডিকেল রিপোর্ট পেয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এরপর থেকে জাতীয় দলের মেডিকেল স্টাফই তার পুনর্বাসন প্রক্রিয়া তদারকি করছে।
তিনি বলেন, নেইমার তার পুনর্বাসন নিয়ে খুব ভালোভাবে কাজ করছে এবং বিশ্বকাপকে সামনে রেখে তাকে অত্যন্ত অনুপ্রাণিত দেখাচ্ছে।
ইতালিয়ান এই কোচের বিশ্বাস, বিশ্বকাপের গ্রুপ পর্বের মধ্যেই মাঠে ফিরতে পারবেন নেইমার। যদি প্রথম ম্যাচে খেলার মতো পুরোপুরি ফিট না হন, তাহলে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়ার আশা করছে দল।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।










































