স্টাফ রিপোর্টার ।।
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮) পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ আগস্ট শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ও ১৮ ধারা এবং বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫-এর বিধি ২০ অনুযায়ী নির্বাচন বোর্ড এ তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জুন বিকাল ৫টায় প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিক ভোটার তালিকার ওপর আপত্তি দাখিল করা যাবে ১ থেকে ৩ জুলাই পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ জুলাই এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৭ জুলাই।
মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত। ১৫ জুলাই মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। বৈধভাবে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ জুলাই।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপত্তি দাখিল করা যাবে ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ জুলাই। একই দিন বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ থেকে ৩০ জুলাই। এরপর ৩০ জুলাই পুনরায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, আগামী ২২ আগস্ট খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খুলনা সদরে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল করা যাবে ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২৫ থেকে ২৭ আগস্টের মধ্যে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, খুলনার পরিচালক (উপসচিব) মো. শাহীনুজ্জামান।











































